খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি লাগালো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি লাগালো ডিএনসিসি

রাজধানীর ভাষানটেক এলাকার নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভাষানটেক বস্তিতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে ভাষানটেক বেনারসি পল্লীর ২ নং গেট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপিত সোলার ভিত্তিক সড়কবাতি প্রজ্বলন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই অঙ্গীকার পূরণেরই একটি অংশ।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে, এগুলো আপনাদের সম্পদ। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।

তিনি আরও বলেন, নিম্নআয়ের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এবং যারা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন, আপনাদের তাদের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। তিনি বলেন, আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।

তিনি এলাকাবাসীকে এই সম্পদ নিজেদের মনে করে রক্ষা করার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবারের সদস্যরা মোবাইল ফোনে কী করছে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমুখ।

কালের আলো/আরডি/এমডিএইচ

হজের আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
হজের আনুষ্ঠানিকতা শুরু

Oplus_131072

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হজযাত্রীরা ‘তাবুর নগরী’ খ্যাত মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। সোমবার (২৫ মে) দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলবে।

হজের নিয়ম অনুযায়ী, সোমবার সারা দিন এবং রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করবেন হজযাত্রীরা। এরপর মঙ্গলবার (৯ জিলহজ) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। যাকে বলা হয় অকুফে বা আরাফার ময়দানে অবস্থান।

আগামী বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

মিনা ও আরাফাতসহ পবিত্র স্থানগুলোতে এখন তীব্র দাবদাহ বিরাজ করছে। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফার ময়দানে অবস্থানের দিন অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তীব্র গরম থেকে হাজিদের সুরক্ষা দিতে সৌদি সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পবিত্র স্থানগুলোতে ছায়া নিশ্চিত করতে বাড়তি শেড নির্মাণ, মিস্ট ফ্যান বা কৃত্রিম কুয়াশা তৈরির পাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে হাজিদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল। গরমের কারণে অসুস্থতা এড়াতে হাজিদের ছাতা ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র : গালফ নিউজ, আরব নিউজ

কালের আলো/এসএকে

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

Oplus_131072

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের গতিবেগ কোনো জায়গায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাংগাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ