নান্দাইলবাসীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সুসংবাদ, মিলছে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের আবেদন করেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বাসিন্দাদের কষ্ট লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ে দিয়েছিলেন আধা সরকারি সুপারিশপত্র বা ডিও লেটার। স্থানীয় এই সংসদ সদস্যের ডিওতে মিলেছে সাড়া। অতিরিক্ত ৭ মেগাওয়াট বরাদ্দে চলমান ঘাটতি পূরণের পাশাপাশি লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো: আতিকুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি জানান, নান্দাইল উপজেলায় আগে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিল। এতে নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ কষ্টে ভুগছিল স্থানীয় বাসিন্দারা। তবে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্থানীয় জনসাধারণের বিদ্যুৎ নিয়ে কষ্ট লাঘবে অতিরিক্ত বরাদ্দ চেয়ে ডিও লেটার প্রদান করেন। মূলত ওই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ প্রদান করেছে।
নান্দাইলবাসীকে এই সুসংবাদ দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজেই। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, ‘নান্দাইলবাসীর বিদ্যুতের কষ্ট লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ে ডিও লেটার দিয়েছিলাম। নান্দাইলবাসীর চাহিদাকে গুরুত্ব দিয়ে ৭ মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এখন নান্দাইলের জন্য বরাদ্দ থাকবে। ফলে লোডশেডিং অনেকাংশেই কমে যাবে।’
পোস্টে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন, তেমনি আজ আমার নান্দাইলবাসীকেও সেই আলোর অংশীদার করলেন। এতে নান্দাইলের বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়ায় সকল মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নতুন গতির সঞ্চার করবে বলে আমি আশাবাদী।’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ফেসবুক পোস্টে এমন আনন্দময় বার্তায় খুশি নান্দাইলের বাসিন্দারা। প্রতিমন্ত্রীর ওই পোস্টে মাত্র এক ঘন্টায় রিয়েক্ট পড়েছে ৭৬৮ জনের। এছাড়াও মন্তব্য করেছেন ২৭০ জন। পোস্টটি শেযার করেছেন ১৬৭ জন ফেসবুক ব্যবহারকারী। এর মধ্যে উপজেলার বিদ্যুৎ ঘাটতি পূরণে ভূমিকা রাখায় প্রতিমন্ত্রীর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু খায়ের বাবুল। তিনি এ ঘটনায় শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কালের আলো/জেএন/এমকে


আপনার মতামত লিখুন
Array