খুঁজুন
                               
, ,
           

হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে বাড়ছে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এমতাবস্থায় সারাদেশে হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয‍্যা বিশিষ্ট বক্ষব‍্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ‍্যাকসিনসহ মানবসম্পদ কোনো কিছুরই সংকট নেই। নির্ধারিত বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার। এবারের বাজেটের পর সক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়া, মে মাসের মধ‍্যেই হামের প্রকোপ কমে যাবার অথবা জিরো শতাংশে চলে আসার আশা প্রকাশ করেন মন্ত্রী।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে। যা যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ভ্যাক্সিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই, আগামীকাল দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে।

ভ্যাকসিন সংকট নিয়ে একটি খবরের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মিরপুর নগর স্বাস্থ্য কেন্দ্রে পোলিও ভ্যাকসিন সংকট নিয়ে গতকাল একটা নিউজ হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিয়েছি। রোগী ভ্যাকসিন হাতে পেলেও যাওয়ার সময় ব্যাগে আর নেয়নি। পরে এসে বলেছে পোলিও ভ্যাকসিনটা নাই। আর সাংবাদিক হয়তো পুরাটা শুনে বা না শুনে ভুলভাবে লিখে দিয়েছে। পোলিও ভ্যাকসিনের কোনো সংকট নেই। আমার কাছে সব হিসাব রয়েছে।

টাকা থাকলেও এসব ব্যবস্থাপনা নিয়ে গত ১৭ বছর কোনো কাজ হয়নি দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, ঠিকমতো কোনো কিছু বাস্তবায়ন হয়নি। আমি কাউকে দোষ দেবো না। আমরা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি।

হামের সংক্রমণ ও টিকাদান সম্পর্কে তিনি বলেন, গত ছয়টা বছর হাম প্রতিরোধে শিশুদের কোনো ভ্যাক্সিনেশন হয়নি। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি হেল্প না করত, তাহলে দেশের এই মানচিত্র আজকে অন্যরকম হতে পারত। আরও অনেক বেশি ক্ষতি হতো।

স্বাস্থ্যমন্ত্রী বরেন, আগামী মাসের পাঁচ তারিখে সারাদেশে ভ্যাকসিন দেয়ার কথা ছিল। আমি সেটা ১৪ দিন এগিয়ে এনেছি। আমরা যখন হামের টিকা হাতে পেয়েছি, নির্ধারিত সময়ের জন্য আর অপেক্ষা করিনি। আমরা ২০ এপ্রিল থেকেই কাজ শুরু করে দিয়েছি।

বর্তমানে টিকাদানের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। এরইমধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই।

রোগীদের চাপ সামলানো এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রোগীর চাপ সামলাতে আমরা তাঁবুরও ব্যবস্থা করছি। আগামীকাল থেকে ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ডে তাঁবু স্থাপন শুরু হয়ে যাবে। আমরা চাই না ডেঙ্গু রোগী আসুক। আমি চিকিৎসার জন্য চেষ্টা করতে পারব, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধ করা। কাজেই আমরা সিটি করপোরেশনকে বলেছি যাতে ওনারা মশক নিধনে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন।

কালের আলো/এসআর/এএএন

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাঁর প্রথম জাতিসংঘ ভাষণ।

অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠান ও কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। জাতিসংঘ সফরের আগে অন্য কোনো দেশে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন সফরসূচি চূড়ান্ত করতে ব্যস্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে সফরকাল হবে আট থেকে দশ দিন। নিউইয়র্কে অধিবেশন শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফিরবেন তিনি।

এবারের অধিবেশনে বিশেষ তাৎপর্য রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় চল্লিশ বছর পর একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে।

২০০৬ সালে শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবারের সফরকে স্মরণীয় করে তুলতে নিউইয়র্কে বড় নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। জানা গেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হবেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ছিল গত জুনে মালয়েশিয়া ও চীন। সেখানে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও অন্যান্য বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর বেশ কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ এলেও জাতিসংঘ অধিবেশনের আগে অন্য কোনো সফর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
সাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ আগস্ট) রাতেই এ সতর্কবার্তা দেওয়া হয়। তবে এই লঘুচাপের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলেই জানান আবহাওয়াবিদেরা। এতে বেশি বৃষ্টিও হবে না।

সোমবার (২৪ আগস্ট) বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আর রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে।

চলতি মাসে ইতিমধ্যে দুই দফায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে তাতে খুব বেশি বৃষ্টি হয়নি। এবারের লঘুচাপটির আবার নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কমে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। আজ সকালে তিনি বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হয়তো কিছুটা বাড়তে পারে। তাতে সাময়িক স্বস্তি মিলতে পারে।

আবহাওয়ার বার্তায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গতকাল দেওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবারের এ লঘুচাপ বাংলাদেশে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না। এ সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে। আর এর দুই দিন পর আবার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ দুপুর বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টি বেশি হবে না।

গতকালের চেয়ে আজকের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

যুক্তরাষ্ট্রের হুমকি হতাশার বহি:প্রকাশ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের হুমকি হতাশার বহি:প্রকাশ: ইরান

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকিকে হতাশার বহি:প্রকাশ বলে মন্তব্য করেছে তেহরান।

রোববার (২৩ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাঘচি বলেন, সামরিক অভিযান থেকে আবার পুরোনো নিষেধাজ্ঞার পরিকল্পনায় ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের হতাশারই প্রমাণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাও ইরানকে পরাজিত করতে পারবে না।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞ ঘোষণা করতে পারেন বলে হুমকি দিয়েছেন।

এরই মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। দেশটির বিভিন্ন অবকাঠামোতে হামলা হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও ইরান পিছু হটেনি। হরমুজ প্রণালিতে অনুমোদনহীন তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কার্যত অবরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তারা সামরিক অভিযান থেকে সরে এসে আবার পুরোনো পরিকল্পনা সামনে আনছে—এটি তাদের হতাশারই প্রমাণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ন্যায্য ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে।

তিনি বলেন, আমরা কখনো ভয় পাইনি। তাদের সব পদক্ষেপ—অবরোধ হোক বা সামরিক অভিযান—ব্যর্থ হয়েছে। তাদের এই নতুন পদক্ষেপও ব্যর্থ হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ