খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

রাস্তায় ময়লা ফেলার অভ্যাস বদলাতে হবে: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
রাস্তায় ময়লা ফেলার অভ্যাস বদলাতে হবে: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নাগরিকদের রাস্তাঘাটে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের রাস্তাঘাটে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।তিনি বলেন, শুধু কর্মসূচি পালন করলেই হবে না, নগর পরিচ্ছন্ন রাখতে জনগণের সচেতনতা ও ব্যক্তিগত দায়িত্ববোধ সবচেয়ে বেশি জরুরি।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।ইশরাক হোসেন বলেন, বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ দেখা যায়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতন হতে হবে। নাগরিকরা যদি নিজেরা সতর্ক না হন, তাহলে কোনো উদ্যোগের মাধ্যমেই রাজধানীকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন বিদেশে যাই, তখন সেখানকার নিয়ম-কানুন মেনে চলি। রাস্তাঘাট পরিষ্কার রাখি, যেখানে সেখানে ময়লা ফেলি না। অথচ নিজেদের দেশে এসে অনেক সময় সেই অভ্যাস বদলে যায়। মনের অজান্তেই আমরা রাস্তা বা ড্রেনের ওপর টিস্যু, প্লাস্টিক কিংবা অন্য ময়লা ফেলে দিই। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে হাতে থাকা ময়লা পকেটে রেখে দিতে হবে, তবুও রাস্তায় ফেলা যাবে না। নগরকে পরিষ্কার রাখতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও ‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে কাজ করবেন। নগর ব্যবস্থাপনায় ডাস্টবিন, পাবলিক টয়লেট এবং নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিশেষ করে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের মতো ‘খারাপ সংস্কৃতি’ দূর করতে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ জরুরি।

তিনি বলেন, আগামী দিনে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আরও কার্যকর ভূমিকা নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে সরকারও এ বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালের আলো/এসআইপি

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি