খুঁজুন
                               
বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

হামের প্রার্দুভাব রোধের ব্যর্থতা তদন্তে কমিশন গঠন কেন নয়, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
হামের প্রার্দুভাব রোধের ব্যর্থতা তদন্তে কমিশন গঠন কেন নয়, হাইকোর্টের রুল

হামের প্রাদুর্ভাবের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

তিনি জানান, চলমান চিলড্রেন ট্র্যাজেডির ওপর তদন্তের জন্য, কারা দায়ী, কেন রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হলো; তাই একটি ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, এ মর্মে রুল দিয়েছেন।

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন দায়ের করেন।

রিটে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে ৬ এপ্রিল এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

সেদিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারা দেশে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয়খাত থেকে বেসরকারিখাতে দেওয়ার অভিযোগ তুলে তিনি তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।

কালের আলো/এসআর/এএএন

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

দেশের কয়েকটি জেলায় দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাওয়া গেছে।  এ সময় এসব জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানা যায়।

সতর্কবার্তায় বল হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসাথে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/আরডি/এমডিএইচ

হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য আরও ‘বড় সারপ্রাইজ’ অপেক্ষা করছে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য আরও ‘বড় সারপ্রাইজ’ অপেক্ষা করছে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত।’

নিজের দাবির সপক্ষে মার্কিন কংগ্রেসের অদলীয় গবেষণা সংস্থা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনের তথ্যও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোদ মার্কিন কংগ্রেসই স্বীকার করেছে যে যুদ্ধে তাদের শত কোটি ডলার মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান খোয়া গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত ওই মার্কিন গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরানের বিরুদ্ধে ইসরাইলকে সঙ্গে নিয়ে মার্কিন যৌথ যুদ্ধ শুরু হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
২২ বছরের অপেক্ষার অবসান, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ ২২ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার রাবোর্নমাউথকে হারাতে তে ম্যানচেস্টার সিটি ব্যর্থ হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় মিকেল আর্তেতার দল।

শিরোপার লড়াই টিকিয়ে রাখতে সিটির জয়ের বিকল্প ছিল না। তবে ম্যাচের ৩৯তম মিনিটে জুনিয়র ক্রাউপির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। যোগ করা সময়ে আরলিং হালান্ড ফেরালেও জয়ের জন্য প্রয়োজনীয় গোল আর পায়নি সিটি।

শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল সমর্থকেরা। ক্লাবটির ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামের বাইরে শুরু হয় উদযাপন।

আর্সেনালের এটি ১৪তম ইংলিশ লিগ শিরোপা। ইংল্যান্ডে তাদের চেয়ে বেশি লিগ জিতেছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল ‘ইনভিনসিবলস’ খ্যাত দলটি।

২০১৯ সালে দায়িত্ব নেওয়া মিকেল আর্তেতা টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার হতাশা কাটিয়ে অবশেষে দলকে শিরোপা এনে দিলেন। এর আগে ২০২৩ ও ২০২৪ মৌসুমে শেষ দিকে এসে আর্সেনালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি।

এ মৌসুমে দুর্দান্ত রক্ষণভাগই আর্সেনালের সাফল্যের বড় ভিত্তি। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, রেখেছে ১৯টি ক্লিন শিট। পাশাপাশি সেট-পিস থেকেও এসেছে সর্বোচ্চ ২৪ গোল, যার মধ্যে কর্নার থেকেই ১৮টি।

প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি এবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলবে আর্সেনাল। ইউরোপ সেরার মুকুট জিততে পারলে এটি হতে পারে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা মৌসুম।

অন্যদিকে ম্যাচের আগে গুঞ্জন ওঠে, ১০ বছর দায়িত্ব পালনের পর মৌসুম শেষে সিটি ছাড়তে পারেন পেপ গার্দিওলা। তবে সেই আলোচনা ছাপিয়ে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হওয়ার হতাশাই সঙ্গী হয়েছে তার দলের।

কালের আলো/এএন/এমএসআইপি