রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসে বগুড়া ও রাজশাহীর জয়জয়কার
রাজশাহীতে নতুন কুড়ি স্পোর্টস এর আঞ্চলিক পর্যায়ের ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা। কাবাডি বালক বিভাগে রানার্সআপ হয়েছে বগুড়া জেলা এবং কাবাডি বালিকা বিভাগে রানার্সআপ হয়েছে জয়পুরহাট জেলা। ক্রিকেট বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। ক্রিকেট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা এবং রানার্সআপ হয় সিরাজগঞ্জ জেলা। ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা ও রানার্সআপ হয় রাজশাহী জেলা। অপরদিকে ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় নওগাঁ জেলা এবং রানার্সআপ হয় বগুড়া জেলা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
গ্যালারিতে ছিল অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন,রাজচাহী জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array