খুঁজুন
                               
রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্যপেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে।

রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৩০ এপ্রিলে মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা ছিল।

এছাড়া, গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বিএনপি নেতাকর্মীদের মতো জামায়াত চাঁদাবাজি আর পাথর দিয়ে হত্যা করে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
বিএনপি নেতাকর্মীদের মতো জামায়াত চাঁদাবাজি আর পাথর দিয়ে হত্যা করে না’

জামায়াতে ইসলামী বিএনপির নেতা-কর্মীদের মতো জোরপূর্বক চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করা কিংবা পাথর দিয়ে মানুষ হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করে না বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (৩১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রিজভী জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম ও ‘ইয়ানত’ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রমকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ইয়ানত’ কোনো চাঁদাবাজি নয়, এটি একটি পবিত্র আমানত। জামায়াতের সকল স্তরের জনশক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে প্রতি মাসে সংগঠনের তহবিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। এটি কোনো জোর-জবরদস্তির বিষয় নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কর্মীদের আত্মত্যাগের বহিঃপ্রকাশ।

জুবায়ের বলেন, রিজভী ‘ইয়ানত’-এর মতো একটি নিয়মতান্ত্রিক সাংগঠনিক ব্যবস্থাকে ‘হাদিয়াবাজি’ বা ‘ইয়ানতবাজি’ বলে আখ্যায়িত করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচারকে অপমান করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জোরপূর্বক চাঁদাবাজির সংস্কৃতি জামায়াতের নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার দাপট দেখিয়ে বা জোর করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে না। বিএনপির নেতা-কর্মীদের মতো জোরপূর্বক চাঁদা আদায়, বুকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীদের জিম্মি করা কিংবা পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে মানুষ হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করার কোনো ইতিহাস জামায়াতের নেই।’

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। কোনো পর্যায়ের কর্মীর বিরুদ্ধে অভিযোগ এলে দল তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। বিচ্ছিন্ন কোনো অভিযোগকে কেন্দ্র করে পুরো সংগঠনকে দায়ী করা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দেশের মানুষ ধর্মভীরু এবং তারা জামায়াতে ইসলামীর সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে ভালোবাসে। জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতেই বিএনপি নেতা এ ধরনের মনগড়া ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন।

বিবৃতিতে বিএনপির মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসী ও রাজনৈতিক সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে রুহুল কবির রিজভীকে এ ধরনের অরাজনৈতিক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

কালের আলো/এসআর/এএএন 

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চাঁদপুর প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান।

অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটের সামনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (২৬) আহত হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকটি সাউন্ড ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংসদ সদস্য এম. এ. হান্নান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আমরা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। কর্মসূচির বাইরে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

কালের আলো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিন পৃষ্ঠার একটি সুনির্দিষ্ট পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি তিনি তার ভ্যানিটি ব্যাগে করে সাথে নিয়ে গেছেন বলে এক বিস্ফোরক দাবি করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম ‘দি পোস্ট’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর ভেতরের খবরটি প্রকাশ করেন।

মতিউর রহমান চৌধুরী জানান, শেখ হাসিনা সাংবিধানিক নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই দেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি সেই পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সশরীরে জমা দিয়ে যেতে পারেননি; বরং তড়িঘড়ি করে বের হওয়ার সময় সেটি নিজের সঙ্গেই নিয়ে যান।

পদত্যাগপত্রের ভেতরের বিষয়বস্তু ও নাটকীয়তা নিয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য তার সরকারের বিভিন্ন অবদান, উন্নয়ন কর্মকাণ্ড এবং আন্দোলনের মুখে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে ৩ পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন স্টাফের সেটি অফিশিয়ালি টাইপ করার কথা ছিল। কিন্তু গণভবনের বাইরে তখন পরিস্থিতি এত দ্রুত বদলে যাচ্ছিল যে, সেই চিঠিটি চূড়ান্তভাবে টাইপ করার মতো পর্যাপ্ত সময় ও সুযোগ আর পাওয়া যায়নি। ফলে হস্তলিখিত বা খসড়া সেই ঐতিহাসিক কাগজটিই শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাগে থেকে যায়।

মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎকারে শেষ মুহূর্তের সেই টানটান উত্তেজনার বিবরণ দিয়ে জানান, ৪ আগস্ট রাতের পর ৫ আগস্ট দুপুরে চারদিক থেকে লাখ লাখ মানুষ যখন গণভবনের একদম কাছাকাছি চলে আসে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়াকিটকি থেকে বারবার বার্তা আসছিল। দায়িত্বরত সেনা কর্মকর্তারা তৎকালীন প্রধানমন্ত্রীকে সাফ জানিয়ে দেন যে, ‘আপনার হাতে আর এক মুহূর্তও সময় নেই, এখনই গণভবন ছাড়তে হবে।’ এমন চরম তাড়াহুড়োর মধ্যে শেখ হাসিনা তাঁর অতি প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরের একটি চেয়ারের ওপরই ফেলে রেখে বাইরে চলে আসেন। পরবর্তীতে একদম শেষ মুহূর্তে যখন তিনি গাড়িতে উঠবেন, তখন পাশে থাকা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার ব্যাগটা ভেতরে রয়ে গেছে, ওটা একটু নিয়ে আসো।’ এরপর সেই সেনা কর্মকর্তা ব্যাগটি এনে দিলে তিনি গাড়িতে ওঠেন এবং সেই ব্যাগের ভেতরেই ছিল বহুল আলোচিত সেই ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র।

কালের আলো/আরডি/এমডিএইচ