খুঁজুন
                               
, ,
           

কলকাতায় মোশাররফ করিম ও তার স্ত্রীকে হেনস্তা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
কলকাতায় মোশাররফ করিম ও তার স্ত্রীকে হেনস্তা!

ভারতে সস্ত্রীক হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতার নিউ মার্কেট এলাকায় একদল লোক তাঁদের ওপর চড়াও হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি এক পোস্টের মাধ্যে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান।

মঙ্গলবার (১৬ জুন) এক পোস্টে আহসান লেখেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মোশাররফ করিমের ওপর হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কিছু পলাতক ক্যাডার। রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে আক্রমণ করে ও তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।’

এনসিপির এই নেতা আরও লিখেছেন, ‘অবিলম্বে আমাদের দেশের নাট্যব্যক্তিত্বের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করতে হবে ভারত সরকারকে। আমাদের দেশের সবচেয়ে সেরা অভিনেতাকে যেসব সন্ত্রাসীরা আক্রমণ করবে ভারত তাদেরকে শেল্টার দিবে এইটা খুবই অনভিপ্রেত।’

এদিকে মোশাররফ করিম ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও মোশাররফ করিমের পাশে থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তানসিম জারা।

কালের আলো/এসআর/এএএন

স্থানীয় নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
স্থানীয় নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কমিটি হওয়া খুবই জরুরি। এ জন্য আমরা দেশের প্রত্যেকটি জেলায় সফর করছি। দেশের প্রত্যেকটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি থাকবে।

তিনি বলেন, এবার স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপি থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। এনসিপি থেকে একজন করে আমরা প্রাথমিকভাবে সমর্থন দেব। এই প্রসেসটার মধ্য দিয়ে বড় দল হিসেবে এনসিপির গড়ে উঠা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যে ধাপ- সেই ধাপটা সম্পূর্ণ হবে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা করেন সারজিস আলম।

পৌর শহরের ‘সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে’ এনসিপির জেলা কমিটির ব্যানারে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ করে সারজিস বলেন, ইতোমধ্যে সংসদটাকে যেভাবে সরকার দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে তারা, এ অপচেষ্টা কখনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বরং বিরোধীদলকে রিসিভ করতে শিখুন, তাদেরকে কথা বলতে দিন, আপনারা এ বিষয়গুলো সংশোধন করে কাজ করেন। আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করব। আর যদি আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের নিয়ে আমাদের আপনাদের সাথে রাজনৈতিক লড়াই হবে।

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি নিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের ৬ মাস গেছে। তারা তিনটি সেক্টরে অগ্রাধিকার সেট করেছিল, বিশেষভাবে লক্ষ্য রাখবে বলেছিল- জ্বালানি ও আইনশৃঙ্খলা সেক্টরে। কিন্তু তারা সেখানে ফেল করেছে।

এনসিপির এই নেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত যারা নিজেদেরকে বলে, তারাও ঠিকমতো চলতে পারছে না। মানুষ ঠিকমতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না, কলকারখানা থেকে কর্মী ছাটাই করা হচ্ছে। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে।

তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে জন দাবিগুলো তুলে ধরার জন্য আমরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ নিয়ে যাচ্ছি। আমরা বিরোধী দল হয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই- তারা প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠ পর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দেওয়া, ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, গ্যাসসংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমিক মজলিস।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণ, গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই বন্ধ, চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, নিরাপদ কর্মসংস্থান এবং শ্রমিক কার্ড চালুর দাবিতে এ সমাবেশের আয়োজন করে শ্রমিক মজলিস।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম বলেন, ‘রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দিতে হবে। ৪৪টি কলকারখানা বেসরকারি করণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। একই সঙ্গে শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ বা বেসরকারিকরণের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান অনিশ্চিত করা যাবে না। এসব শিল্পকারখানাকে সচল করার উদ্যোগ নিতে হবে এবং শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

গ্যাস সংকটের কারণে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে মুহাম্মদ আবদুল করিম বলেন, ‘গ্যাসসংকটের কথা বলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। অবৈধভাবে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হলে তার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে ছাঁটাই করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করারও দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের সব ন্যায্য অধিকার বাস্তবায়ন এবং শ্রমিক কার্ড চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে রাজনৈতিক সিন্ডিকেটের অভিযোগ তুলে শ্রমিক মজলিসের সভাপতি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে যে রাজনৈতিক সিন্ডিকেট করা হয়েছে, সেটিও দ্রুত বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিয়েও যেন কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের কারণে সাধারণ শ্রমিক ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা রক্ষা, শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে শিল্পখাতে বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক মজলিসের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়েছে। রাশিয়ার আগে চীন ও যুক্তরাষ্ট্রও তাকে অভিনন্দন জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ