খুঁজুন
                               
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) রাত সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে বলেন, এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে করবেন এবং বহুপাক্ষিক ইস্যুতে সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন।

নতুন এই দায়িত্ব পালনে তাঁর প্রতি শুভকামনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

কালের আলো/এসআর/এএএন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

Oplus_131072

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

কালের আলো/এসএকে

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। একই সঙ্গে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতির চিত্র বিস্তারিত তুলে ধরা হয়। এসময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, তরুণীসহ আটক ২

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, তরুণীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক তরুণী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামও। অভিযানে প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দু”টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দু”জন হলেন- দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদার বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দু’জনকে আটক করে পুলিশ।

মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার পর বুধবার আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি