খুঁজুন
                               
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

খেলাপি ঋণের পরিস্থিতি দ্রুত অবনতি

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
খেলাপি ঋণের পরিস্থিতি দ্রুত অবনতি

খেলাপি ঋণ ক্রমাগত বাড়ছে এবং ব্যাংকিং খাত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ২০২৬ সালের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ পৌঁছেছে ৫ লাখ ৬৪ হাজার ১০৬ কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। বাংলাদেশ ব্যাংকের শ্রেণিকৃত ঋণ ও প্রভিশনসংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন, পুনঃতফসিল এখন আর সমস্যার সমাধান নয় বরং এটি অনেক ক্ষেত্রে খেলাপি ঋণ ‘লুকানোর কৌশলে’ পরিণত হয়েছে, যার ফলে প্রকৃত চিত্র সময়ের সঙ্গে আরও ভয়াবহ হয়ে উঠছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩২ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে ২০২৬ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৬৪ হাজার ১০৬ কোটি টাকা। অর্থাৎ এই স্বল্প সময়ে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৯ হাজার ২৭৪ কোটি টাকা। এই প্রবণতা নির্দেশ করে ঋণ আদায়ের চেয়ে নতুন করে ঋণ শ্রেণিকরণ সমস্যাই দ্রুত বাড়ছে।

একই সময়ে দেশের মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত বা সমস্যাগ্রস্ত ঋণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২.২৬ শতাংশ। অর্থাৎ দেশের প্রতি তিন টাকার মধ্যে প্রায় এক টাকাই এখন ঝুঁঁকিপূর্ণ বা খেলাপি অবস্থায় রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত এক বছরে খেলাপি ঋণের পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। ২০২৫ সালের মার্চে শ্রেণিকৃত ঋণের হার ছিল ২৪.১৩ শতাংশ, যা ২০২৬ সালের মার্চে বেড়ে ৩২.২৬ শতাংশে পৌঁছায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে বৃদ্ধি হয়েছে ৮.১৩ শতাংশ পয়েন্ট, যা ব্যাংকিং খাতে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের দ্রুত বৃদ্ধি কোনো স্বাভাবিক অর্থনৈতিক প্রবণতা নয় বরং এটি নীতিগত দুর্বলতা ও দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার ফল।

কালের আলো/এম/এএইচ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

বিস্তারিত আসছে…

কালের আলো/এসআর/এএএন

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

আজ বিশ্ব পরিবেশ দিবস। সাপ্তাহিক ছুটির এই দিনে ঢাকার একিউআই স্কোর ১২৭, যা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর।

শুক্রবার (১২ মে) বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১২৭, বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর।

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাকার্তা, যার স্কোর ১৬৫। এছাড়া ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই দুটি শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০১ থেকে ১৩৪-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কালের আলো/এএন/এমএসআইপি 

সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু

দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটির পাশে উৎসুক জনতার ভিড়। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার জামতৈল গ্রামের সোনা উল্লার ছেলে অটোভ্যান চালক নূরুল ইসলাম (৩৫), আজুগড়া (হিজলতলা) গ্রামের মৃত বাছের সরকারের ছেলে আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)। গুরুত্বর আহত হয়ে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত দম্পত্তির মেয়ে তামান্না খাতুন (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী থেকে ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি মেঘুল্লা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও অটোভ্যান চালকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই নিহত দম্পত্তির মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমান জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কালের আলো/এএইচ/এমএসআইপি