খুঁজুন
                               
, ,
           

প্রথমবারের মতো পারমাণবিক মোতায়েন করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
প্রথমবারের মতো পারমাণবিক মোতায়েন করল ভারত

প্রথমবারের মতো সীমিত সংখ্যক পারমাণবিক ওয়ারহেড সক্রিয়ভাবে মোতায়েন করেছে ভারত। বিশ্বের একটি শীর্ষ অস্ত্র পর্যবেক্ষণ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়েছে, এই পদক্ষেপ দেশটির পারমাণবিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

দীর্ঘদিন ধরে ধারণা ছিল, শান্তিকালীন সময়ে ভারত তার পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র আলাদা করে সংরক্ষণ করে। এই নীতিকে ‘বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ’ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হতো। তবে নতুন মূল্যায়নে দেখা যাচ্ছে, সেই অবস্থান ধীরে ধীরে বদলাতে শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারত ইতোমধ্যে প্রায় ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। এগুলো মূলত দেশটির পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন বহরের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার এবং নিয়মিত সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল এই পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

বিশ্লেষণে বলা হয়েছে, ভারত সম্ভবত এখন মাঝে মাঝে তার সাবমেরিনে সীমিত সংখ্যক পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত রেখে টহল পরিচালনা করছে। এর অর্থ, শান্তিকালীন অবস্থাতেও কিছু অস্ত্র সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ১৯০টি, যা এক বছর আগে ছিল প্রায় ১৮০টি।

মূল তথ্য

মোট পারমাণবিক ওয়ারহেড: প্রায় ১৯০টি।, মোতায়েনকৃত ওয়ারহেড: আনুমানিক ১২টি।,প্রথমবার সক্রিয় মোতায়েনের মূল্যায়ন।, সাবমেরিনভিত্তিক প্রতিরোধ সক্ষমতা জোরদার

শান্তিকালীন সময়েও কিছু অস্ত্র লঞ্চারের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা

ভারত এখনও তার ‘প্রথম ব্যবহার নয়’ নীতি বজায় রেখেছে।

 অর্থাৎ, প্রতিপক্ষের পারমাণবিক হামলার জবাব হিসেবেই কেবল এই অস্ত্র ব্যবহারের অঙ্গীকার বহাল রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সক্রিয় প্ল্যাটফর্মে ওয়ারহেড মোতায়েন দেশটির কৌশলগত সক্ষমতা ও প্রস্তুতির মাত্রা বৃদ্ধিরই প্রতিফলন।

বর্তমানে ভারতের পারমাণবিক ত্রয়ী—বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন—পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ফলে দেশটি স্থল, আকাশ ও সমুদ্র—তিনটি মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ

আগে অস্ত্র ও সরবরাহ ব্যবস্থা আলাদা করে রাখার ফলে দুর্ঘটনাজনিত উৎক্ষেপণের ঝুঁকি কম থাকত এবং সতর্কতার মাত্রাও তুলনামূলকভাবে নিচু ছিল। কিন্তু নতুন এই ধারা সেই অবস্থাকে বদলে দিতে পারে। বিশেষ করে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং নিয়মিত সাবমেরিন টহল ব্যবস্থা সামগ্রিক প্রস্তুতি বাড়াচ্ছে।

বৈশ্বিক প্রেক্ষাপট

২০২৬ সালের শুরুতে বিশ্বে মোট নয়টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী—যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এদের হাতে মোট প্রায় ১২ হাজার ১৮৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় ৯ হাজার ৭৪৫টি সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত বলে ধরা হয়।

প্রতিবেদনটি সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণ ও মোতায়েন পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। বিশেষ করে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রযুক্তির বিস্তার এবং পারমাণবিক ও প্রচলিত সামরিক ব্যবস্থার মধ্যে বাড়তে থাকা সমন্বয় ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

সব মিলিয়ে, ভারতের এই সীমিত হলেও তাৎপর্যপূর্ণ মোতায়েন দেশটির প্রতিরক্ষা কৌশলের নতুন ধাপ নির্দেশ করছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। টার্মিনালটি সরিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর নেওয়া হবে।

আগামী চার মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ‘কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রকল্পে ব্যয় হবে ৬ কোটি ৮৮ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকেট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক কাজ বাংলাদেশ নৌবাহিনীর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের বিষয়ে নির্দেশনা দেন।

জানা গেছে, গত ১৫ জুন অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী যাত্রাবাড়ী (সায়েদাবাদ) টার্মিনাল কাঁচপুরে এবং ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের নির্দশনা দেন। যাত্রাবাড়ী (সায়েদাবাদ) স্থানান্তরের লক্ষ্যে প্রস্তাবিত স্থান চার মাসের মধ্যে ব্যবহার উপযোগী করে স্থায়ী টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে ১৬ জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়া হয়।

আরও জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের লক্ষ্যে এরইমধ্যে প্রস্তাবিত স্থানে ইয়ার্ডের উন্নয়ন এবং বৈদ্যুতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রস্তাবিত টার্মিনালের শেড, টিকেট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক মোট ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।

ঢাকা শহরের প্রধান কয়েকটি আন্তঃজেলা বাস টার্মিনালের অন্যতম সায়েদাবাদ বাস টার্মিনাল। প্রায় ১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই টার্মিনালটি যাত্রাবাড়ীর পশ্চিমে অবস্থিত। ১৯৮৪ সালে নির্মিত সায়েদাবাদ বাস টার্মিনালে প্রায় ১৯০০টি বাস রাখার ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলার দূরপাল্লার বাসের যাত্রী ওঠানামা করে এই টার্মিনাল থেকে।

তবে ঢাকায় ঢোকার মুখে অবস্থিত হওয়ায় এই টার্মিনালটির কারণে শহরের আন্তঃনগর পরিবহণ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ঢাকার রাস্তায় যানজটের একটি বড় কারণ এই টার্মিনাল।

এ কারণে ২০২৩ সালে কাঁচপুরে ১২ বিঘা জমির ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছিল ডিএসসিসি। ওই বছরের ৯ আগস্ট ওই প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হলেও আওয়ামী লীগ সরকারের আমলে এর আর কোনো অগ্রগতি ছিল না।

কালের আলো/এসআর/এএএন

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে : তথ্য উপদেষ্টা

আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জাদুঘরের কিছু চূড়ান্ত কাজ, জনবল নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এটি উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ কথা বলেন।এক সাংবাদিক জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জুলাই জাদুঘর নিয়ে আলোচনা চলছে।

কিছু চূড়ান্ত কাজ বাকি রয়েছে। জনবল নিয়োগসহ কয়েকটি বিষয় সম্পন্ন করা হচ্ছে।

আমি পরিষ্কার করে বলতে চাই, ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘরের উদ্বোধন হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ছিল চীন।

আবার বিভিন্ন পর্যায়ে অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে মতপার্থক্য থাকা দেশগুলোর সঙ্গেও প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বজায় রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী পাকিস্তান ও তুরস্ক সফর করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের স্বার্থ ও রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজন হলে অবশ্যই যাওয়া হবে। কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে সরকারের দ্বিধা নেই। জাতীয় স্বার্থই এখানে মূল বিবেচ্য।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানিমুখী বিনিয়োগের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি রপ্তানিমুখী শিল্পাঞ্চল (ইপিজেড) রয়েছে। একইসঙ্গে সরকার রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন আমরা একটি পণ্যের ওপর নির্ভরশীল ছিলাম, যা ঝুঁকিপূর্ণ। এখন রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে। পাশাপাশি দেশীয় বিনিয়োগও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় বেশি দামে গম আমদানির অনুমোদন নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি বৃহত্তর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগ নেওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে কিছু পণ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে কেনার বিষয়ে সমঝোতা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। সেখানে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকর হলে দেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়ত। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের আয় শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয়, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও বড় অবদান রাখে।

জাহেদ উর রহমান বলেন, গার্মেন্টস খাত সচল থাকলে এর সুফল অন্যান্য খাতেও ছড়িয়ে পড়ে। তাই সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জনগণ বিষয়টি উপলব্ধি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কালের আলো/এএন/এমএসআইপি

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ছয় দিনের বিরতি শেষে শুরু হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব চলছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, এরপর জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ, একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং আইন প্রণয়নসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

কার্যসূচি অনুযায়ী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি সংসদে উত্থাপন করে পরীক্ষাপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

এ ছাড়া ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী তাৎক্ষণিক বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। পরে বিলটি পাসের প্রস্তাবও উত্থাপন করবেন শিক্ষামন্ত্রী।

অধিবেশনের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এদিন বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে প্রাপ্ত নোটিশ নিষ্পত্তির পাশাপাশি দুটি গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে। এর মধ্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের সংকট, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। অন্যদিকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রকৃত ভূমিহীন ও দরিদ্রদের মধ্যে খাস জমি বন্দোবস্তের বিষয়ে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

অধিবেশনে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর ওপর বিশেষ কমিটির প্রতিবেদনও উপস্থাপন করবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ