ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ঢাকা ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর এবং গাজীপুর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা। তিনি বলেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আজই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। পরের বছর ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনসহ কিছু কার্যক্রমও চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। তাদের কেউ কেউ মনে করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে।
কিন্তু নির্বাচনের পর দেখা গেছে, তেমনটা ঘটেনি; বরং বিএনপি সরকারের সময়ে এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাস হয়।
ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কেন্দ্রীয় নেতাদের অনেকেই আছেন আত্মগোপনে। কেউ কেউ গ্রেফতার অবস্থায় কারাগারেও রয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল ২৩ জুন দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই কর্মসূচিকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। অন্যদিকে, গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে মুখে মাস্ক পড়ে ছোট ছোট মিছিলও বের করতে দেখা গেছে টানা দেড় দশকের বেশি সময় ধরে দেশ শাসন করা দলটির নেতাকর্মীদের।
এমন পরিস্থিতিতে রাজধানীতে ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার কথা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে এসব পুলিশ সদস্যরা। এরপরই ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
কালের আলো/এসআর/এএএন



আপনার মতামত লিখুন
Array