খুঁজুন
                               
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ়, ১৪৩৩
           

অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী

অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা মোকাবিলায় কাজ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ২২৯টি কনটেন্ট।

তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

গুজব মোকাবিলায় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে পিআইবি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০টি পৃথক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩৬৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রশিক্ষণের প্রতিটি মডিউলে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে।

সংসদকে তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে।

এ ছাড়া গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহননের কৌশল প্রয়োগ করে, সে বিষয়ে গবেষণাভিত্তিক ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে পিআইবি বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গিয়েছিলেন লিওনেল মেসি। দু’জনেরই বিশ্বকাপে গোল ১৬টি করে। আর একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

ম্যাচের ৯ম মিনিটে পেনাল্টি পেয়েছিলেন। কিন্তু পোস্টের ডান পাশে মেরে দিয়ে সেই রেকর্ড গড়া থেকে বঞ্চিত হলেন তিনি। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। নিশ্চিত গোল মিস হলো। অস্ট্রিয়ার ডিফেন্স এবং গোলরক্ষক তাকে গোল করতে দিলেন না।

অবশেষে ম্যাচের ৩৯তম মিনিটে দুর্দান্ত এক গোল করলেন তিনি। আলমাদার কাছ থেকে বল পেয়ে মেদিনা সেটা এগিয়ে দেন মেসির কাছে। সঙ্গে সঙ্গেই বাঁ-পায়ের বুলেট গতির শট। অস্ট্রিয়ার গোলরক্ষক জায়গা থেকে নড়ারই সুযোগ পেলেন না। গোল হয়ে গেলো। বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে লিওনেল মেসির গোল এখন ১৭টি। এককভাবে তিনিই এখন উঠে গেলেন শীর্ষে।

আর্জেন্টিনাও এগিয়ে গেলো ১-০ গোলে। এ বিশ্বকাপে মেসির গোল হলো ৪টি।

কালের আলো/এম/এএইচ

দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে দিকনির্দেশনা বিএনএসিডব্লিউসি চেয়ারম্যানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে দিকনির্দেশনা বিএনএসিডব্লিউসি চেয়ারম্যানের

শিল্পখাতের ক্রমবর্ধমান চাহিদার কারণে রাসায়নিক কেমিক্যালের অবাধ ব্যবহার বাড়ছে। সহজলভ্যতা থাকায় তৈরি হচ্ছে নানা কারখানা। অনেকক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনাও। ধ্বংস হচ্ছে বিপুল সম্পদ। ঘটছে বহু মানুষের প্রাণহানিও। এমন বাস্তবতায় দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানীকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

সোমবার (২২ জুন) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২৬তম সাধারণ সভায় সভাপতির বক্তৃতায় সুচিন্তিত ও সময়োপযোগী এসব নির্দেশনা প্রদান করেন বিএনএসিডব্লিউসি চেয়ারম্যান।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। পদাধিকারবলেই বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) চেয়ারম্যানও তিনি। নিজ দায়িত্বে আসীন হওয়ার পর এদিন প্রথমবারের মতো তিনি বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সাধারণ সভাতে সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীসমূহ থেকে বিএনএসিডব্লিউসি’র সদস্যসহ ৪৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬, বাংলাদেশ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় প্রতিরোধ, তালিকাভুক্তির বিষয়ে অজ্ঞতা/সচেতনতার অভাব রোধে করণীয়, তালিকাভুক্তির ফি পুনঃনির্ধারণ, সক্ষম ল্যাবরেটরি এর সংখ্যা বৃদ্ধিকরণ, বিএনএসিডব্লিউসি সফটওয়্যার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালের আলো/এমএএএমকে

রাজশাহীতে জেএফএ নারী ফুটবলের ফাইনাল কাল

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
রাজশাহীতে জেএফএ নারী ফুটবলের ফাইনাল কাল

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনাল আগামীকাল। স্বাগতিক রাজশাহী ও গতবারের চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেল চারটায় ফাইনালে  রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  একে অপরের মুখোমুখি হবে।

গতবছরও এ দু’টি দলই ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ ৮-০ গোলের বিশাল ব্যবধানে রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। দল দু’টি এবারও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে কি আবারও গতবছরের পুনরাবৃত্তি ঘটবে নাকি রাজশাহী গতবারের হারের প্রতিশোধ নিয়ে এবার চ্যাম্পিয়ন হবে? এ প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল।

কালের আলো/এএইচ/এমএসআইপি