খুঁজুন
                               
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩
           

চূড়ান্ত শেষ বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
চূড়ান্ত শেষ বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল

ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসর দিয়েই নিজেদের হেক্সা মিশন সফল করতে চায় ব্রাজিল। তবে টুর্নামেন্টের শুরুটা তাদের ভালো হয়নি। হতাশাজনক পারফর্ম্যান্সে মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্ট খোয়ায় সেলেসাওরা। তবে কার্লো আনচেলত্তির অধীনে পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ বত্রিশে খেলা নিশ্চিত করেছে দলটি। একই সঙ্গে ছন্দময় ও নান্দনিক ফুটবলে ফেরার বার্তাও দিয়েছে।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট রাউন্ডে খেলা নিশ্চিত করে ব্রাজিল। তবে নকআউটে কোন দলের মুহোমুখি হবে সেলেসাওরা তা নিশ্চিত ছিল না। অবশেষে আজ গ্রুপ ‘এফ’ এ তৃতীয় ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ বত্রিশে ব্রাজিলের প্রতিপক্ষ।

টেক্সাসের ডালাস কাউবয়েজ স্টেডিয়ামের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ হয়ে নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে ব্লু সামুরাইরা। আর এর মাধ্যমেই চূড়ান্ত হয়ে গেল আগামী মঙ্গলবার হিউস্টনের মাঠে শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।

অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। নকআউটে ডাচদের প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলেও গ্রাহাম পটারের সুইডেনও ‘সেরা তৃতিয় স্থান অধিকারী’ দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে।

ম্যাচ শুরুর আগেই নেদারল্যান্ডস ও জাপানের পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত ছিল। সুইডেনও সুবিধাজনক অবস্থানে থাকায় প্রথমার্ধে দুই দলই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে।

প্রিমিয়ার লিগের দুই তারকা আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিওকেরেসকে প্রথমার্ধে বোতলবন্দী করে রাখে জাপানি ডিফেন্স। বিরতির ঠিক আগে জাপানের উইঙ্গার কেইতো নাকামুরার একটি চমৎকার শট সুইলিশ কিপার জ্যাকব জেটারস্ট্রোম কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় হাজিমে মোরিয়াসুর দল। ম্যাচের ৫৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় জাপান। রিতসু দোয়ানের রক্ষণচেরা পাস থেকে সেল্টিকের বিপজ্জনক ফরোয়ার্ড দাইজেন মায়েদা চলন্ত বলেই নিখুঁত শটে সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করেন (১-০)।

জাপানের এই স্বস্তির লিড স্থায়ী হয়েছিল মাত্র ৬ মিনিট। ৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে বল কেটে ভেতরে ঢুকে বক্সের বাইরে থেকে বাম পায়ের এক দর্শনীয় শটে গোল করে সুইডেনকে সমতায় ফেরান নিউক্যাসেল উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা (১-১)।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সুইডেন। ম্যাচের শেষ দিকে এবং অতিরিক্ত সময়ের ৭ মিনিটে জাপানি ফুটবলারদের ক্লান্তি চেপে বসলে একের পর এক আক্রমণ করতে থাকে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। কিন্তু গোলপোস্টের নিচে জাপানের গোলরক্ষক জায়ন সুজুকি যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন।

ম্যাচের ৯৩ মিনিটে এলাঙ্গার একটি শট দুর্দান্তভাবে রুখে দেওয়ার পর, একদম কাছ থেকে আলেকজান্ডার ইসাকের একটি নিশ্চিত হেডার প্রতিহত করে জাপানের মূল্যবান ১ পয়েন্ট এবং ব্রাজিলের বিপক্ষে মহাকাব্যিক লড়াইটি নিশ্চিত করেন সুজুকি।

চলতি বিশ্বকাপে অন্যতম ‘ডার্ক হর্স’ বা চমক জাগানো দল হিসেবে উত্তর আমেরিকায় পা রাখা জাপানের আসল পরীক্ষা এখন শুরু। নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের রক্ষণভাগের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠাই এখন কোচ মোরিয়াসুর প্রধান চ্যালেঞ্জ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মাদক কারবারীরা দেশ,জাতি ও সমাজের শত্রু : ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
মাদক কারবারীরা দেশ,জাতি ও সমাজের শত্রু : ভূমিমন্ত্রী

মাদকের ভয়াবহ বিস্তারে দেশের অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার ২৬ জুন  রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হয়ে থাকে। সীমান্তঘেঁষা এলাকায় অনেক মাদক কারবারী অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যাদের একসময় কিছুই ছিল না, তারাও এখন বিপুল সম্পদের মালিক। এসব কারবারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, এর সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দ্রুত জামিন পেয়ে তারা যাতে আবার মাদক ব্যবসায় জড়াতে না পারে, সে বিষয়েও নজর দিতে হবে।

তিনি বলেন, সমাজের চোখের সামনেই অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে দেখা গেছে, যাদের জীবন মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত হয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক কারবারীদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্রুত অভিযান পরিচালনা করতে হবে। সমাজে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই।

পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

আজিজ সুপার মার্কেটের কক্ষে পড়ে ছিল নারী চিকিৎসকের লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
আজিজ সুপার মার্কেটের কক্ষে পড়ে ছিল নারী চিকিৎসকের লাশ

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে দুর্গন্ধের খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক।

পুলিশ জানায়, কক্ষের ভেতরে খাটের ওপর বসা অবস্থায় টেবিলে মাথা রাখা অবস্থায় চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। মরদেহটি ফুলে-পচে যাওয়ায় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফারা ফেরদৌস ৩৯তম বিসিএসের একজন চিকিৎসক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিওভাসকুলার বিষয়ে তৃতীয় বর্ষের কোর্স করছিলেন। একই বিশ্ববিদ্যালয়ে তার ছোট বোনও প্রথম বর্ষে অন্য একটি বিষয়ে পড়াশোনা করছেন।

পুলিশ আরও জানায়, গত ২৩ জুন ছোট বোনের সঙ্গে ফারা ফেরদৌসের সর্বশেষ কথা হয়েছিল। শুক্রবার বিকেলে কক্ষের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ছোট বোনের উপস্থিতিতে মরদেহ শনাক্ত করা হয়।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয় গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রশিদের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলায় একাই বসবাস করতেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র‌্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তিনি।

দালিয়ান থেকে বুধবার দুপুরে হাই স্পিড (বুলেট ট্রেন) বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।

গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী।

কালের আলো/এসআর/এএএন