সাবেক এমপি আশিকা সুলতানা ফের তিন দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তের স্বার্থে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ জুন একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১-এর অ্যাপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে সড়কে জড়ো হয়ে মিছিল করেন। অভিযোগে বলা হয়, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই মিছিল করা হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ভীতির সৃষ্টি করে।
এ ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array