খুঁজুন
                               
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩
           

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা দেন।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিবাদের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও, এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। এছাড়া, তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সাথে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০টি ইভেন্টে দেশের বিপুলসংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের প্ল্যাটফর্ম পাবে।

এদিকে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (প্রথম আসর)-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। ১০টি অঞ্চলের বাছাইকৃত দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসব চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালের আলো/এম/এএইচ

জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

হেক্সা মিশনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলবে সেলেসাওরা। শেষ বত্রিশে ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। রোববার (২৮ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ম্যাচে রক্ষণে পরীক্ষিত চার তারকার উপরই ভরসা রাখছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অ্যালিসন বেকার। এরপর ৪-২-৩-১ ফরমেশনে রক্ষণে থাকছেন দানিলো, মার্কিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং ডগলাস সান্তোস।

মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণে থাকছে একপাশে ক্যাসেমিরো এবং অপরপাশে ব্রুনো গিমারেস। এ দুজনের সঙ্গে থাকবেন লুকাস পাকেতাও।

আর আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকবেন মাথেউস কুনিয়া এবং তরুণ রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি।

এদিকে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার জুনিয়র। যথারীতি আজও তিনি বেঞ্চে থেকেই খেলতে নামবেন। স্কটিশদের বিপক্ষে ১৫ মিনিট খেললেও আজ সময় বেশি পেতে পারেন তিনি।

ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিয়াস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

কালের আলো/আরডি/এমডিএইচ

আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন। অর্থ বিলের ওপর সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।

কালের আলো/এসএকে

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজ নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একইসঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

কালের আলো/এসএকে