জুনে কমলো রেমিট্যান্সের গতি
টানা ছয় মাস ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর সদ্য বিদায়ী জুন মাসে সেই ধারা ভেঙেছে। এ মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৮১ বিলিয়ন ডলার)। আগের মাস মে মাসের তুলনায় যা ৬১ কোটি ৯০ লাখ ডলার কম। এছাড়া এটি গত বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩.৪২ বিলিয়ন ডলার)। ২০২৫ সালের জুন মাসে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।
টানা ৬ মাস পর কমলো গতি
টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুনে কমেছে গতি। সদ্য বিদায়ী অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরে দেশে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এরপর অর্থবছরের সপ্তম মাস ও চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আসে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ৩ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার, মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং মে মাসে আসে ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স নেমে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। এর ফলে টানা ছয় মাস পর ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এলো প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সদ্য বিদায়ী জুন মাসে দেশে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array