খুঁজুন
                               
, ,
           

পিডিকে তোপ মন্ত্রিপরিষদ সচিবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
পিডিকে তোপ মন্ত্রিপরিষদ সচিবের

দীর্ঘ ১৩ বছরেও খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে কাজের ধীরগতি, পরিকল্পনার অসংগতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিরস্কার করেন।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।

পরিদর্শনের সময় সড়কের একপাশে স্লুইসগেট নির্মাণের পর তার সামনেই বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার বিষয়টি দেখে ক্ষুব্ধ হন নাসিমুল গনি। প্রকল্প পরিচালকের (পিডি) ব্যাখ্যায় অসন্তুষ্ট হয়ে তিনি বলেন, ‘আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার? তুমি এখান থেকে পানি বের হওয়ার রাস্তা তৈরি করেছ। পানি যাতে ঢুকতে না পারে সেজন্য স্লুইসগেট করেছ। আবার তার সামনে দিয়ে রেখেছ বাঁধ। এর মানেটা কী?’

পরিদর্শনের সময় তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান ও নকশা নিয়ে একাধিক নির্দেশনা দেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ মে একনেক সভায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন পায়। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯৮ কোটি টাকা। পরে ২০২০ সালের ২১ জুলাই দ্বিতীয় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় বাড়িয়ে ২৫৯ কোটি টাকা করা হয়। দ্রুত কাজ শেষ করার শর্তে ওই সংশোধনী অনুমোদন দেওয়া হলেও বাস্তব অগ্রগতি সন্তোষজনক হয়নি।

এরও প্রায় ছয় বছর পর গত ৯ জুন প্রকল্পটি তৃতীয় দফায় সংশোধনের প্রস্তাব একনেক সভায় তোলা হয়। এতে ব্যয় বাড়িয়ে ২৮০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ১৩ বছরেও প্রকল্প শেষ না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাজ বিলম্বের কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশোধিত প্রকল্প প্রস্তাবটি ফেরত পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের নাসিমুল গনি বলেন, কেন সড়কটির কাজ এত দিনে শেষ হয়নি, বর্তমানে কী অবস্থা এবং কাজের মান কেমন-এসব আমরা সরেজমিনে দেখেছি। দ্রুত যাতে কাজটি শেষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কালের আলো/এম/এএইচ

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং তাতে সই করেন তিনি।

পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হুবহু যা লিখেছেন—‘বিসমিল্লাহির রহমানির রাহিম। জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

‘মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সচেষ্টভাবে কাজ করবো—এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা আমাদের বীর শহীদদের আত্মাকে মাগফিরাত দান করুন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ।’

এর আগে, বেলা ১১টা ৩২ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ১১টা ৩৮ মিনিটে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন ও স্মারক মন্তব্য লিখন শেষে ১১টা ৪৬ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ নামে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম।

পরে এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অভিযোগগুলো তো আমি পড়ে দেখিনি। একটা দিয়েছে আজাদ পার্টি। আরেকটা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম।’

তিনি বলেন, ‘অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেই। এ ক্ষেত্রেও আমার কাছে উপস্থাপিত হলে সেটা আমি তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে আমি কিছু জানি না।’

রাষ্ট্রসংলাপ ফোরাম জানায়, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক।

ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানাসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনেন তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার  ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৭ ও ২১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৬৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ২৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, সামিট পোর্ট, এমএল ডায়িং, আইটি কনসালটেন্ট, আইপিডিসি, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড,  লাভেলো আইসক্রিম, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং ও টেকনো ড্রাগস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি