খুঁজুন
                               
, ,
           

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, নিখোঁজ বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, নিখোঁজ বহু মানুষ

ভেনেজুয়েলায় সম্প্রতি সংঘটিত শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পের ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম ধীরে ধীরে সমাপ্ত করছে। তবে এখনও অনেক পরিবার স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় ধ্বংসস্তূপে অপেক্ষা করছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদিও চলতি সপ্তাহেও ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানের সমাপ্তির ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যদের সম্মাননা পদক প্রদান করেন। উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকটি অনুসন্ধানী কুকুরকেও এ সময় বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশটি গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ধরে রেখেছে, আবার অসংখ্য মানুষ এক মুহূর্তে সবকিছু হারিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল শনিবার তাদের অভিযান গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের উদ্ধারকারীরা জানান, সর্বশেষ অনুসন্ধানেও নতুন কোনো জীবিত ব্যক্তির সন্ধান না পাওয়ায় তারা কার্যক্রম শেষ করছে। একই সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডা ও ভার্জিনিয়া থেকে যাওয়া দলগুলোও।

এদিকে অনেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, দুর্যোগের পর সরকারি তৎপরতা যথেষ্ট দ্রুত ছিল না। তাদের দাবি, আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা চালিয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পরপরই হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মীকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছিল।

এদিকে লা গুয়াইরায় ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করছে।

স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাসকিয়া জানান, মরদেহ উদ্ধারের কাজ এখনও চলছে এবং এটি অত্যন্ত কঠিন। তিনি বলেন, সর্বশেষ অভিযানে দুটি মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি হিসাবে, এই ভয়াবহ ভূমিকম্পে ১৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। অন্যদিকে আহতদের চাপে হাসপাতালগুলোতে সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

বিশ্বজুড়ে আলোচনায় নোলানের ‘দ্য অডিসি’, বাংলাদেশেও দর্শকের আগ্রহ তুঙ্গে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিশ্বজুড়ে আলোচনায় নোলানের ‘দ্য অডিসি’, বাংলাদেশেও দর্শকের আগ্রহ তুঙ্গে

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৭ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৩৯০ মিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশেও ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টিরও বেশি প্রদর্শনী চলছে এবং মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় দুই কোটি টাকা আয় করেছে সিনেমাটি।

হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্য অডিসি অবলম্বনে নির্মিত হলেও নোলান গল্পটিকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন। মূল কাহিনির গুরুত্বপূর্ণ অংশ অক্ষুণ্ন রেখে তিনি ওডেসিয়াস চরিত্রকে আরও মানবিক, ক্লান্ত ও অনুতপ্ত এক যোদ্ধা হিসেবে তুলে ধরেছেন। ফলে মহাকাব্যের পরিচিত গল্প নতুন আঙ্গিকে দর্শকের সামনে এসেছে।

ছবিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর সঙ্গে রয়েছেন অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন, লুপিতা নিওঙ্গোসহ একাধিক তারকা। প্রায় তিন ঘণ্টার এই সিনেমায় যুদ্ধ-পরবর্তী এক মানুষের ঘরে ফেরার দীর্ঘ যাত্রা, স্মৃতি, অপরাধবোধ এবং আত্মঅনুসন্ধানের গল্প তুলে ধরা হয়েছে।

সমালোচকদের মতে, ‘দ্য অডিসি’ শুধু একটি পৌরাণিক অ্যাডভেঞ্চার নয়; এটি যুদ্ধের পর মানুষের মানসিক ক্ষত, পরিবারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং আত্মপরিচয়ের অনুসন্ধানের গল্প। নোলানের পরিচিত নন-লিনিয়ার বর্ণনাশৈলীও ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।

কারিগরি দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ ৭০ মিমি আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। সিনেমাটোগ্রাফি, আবহসংগীত এবং ভিজ্যুয়াল নির্মাণ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

তবে ছবিটির দীর্ঘ রানটাইম এবং কিছু পৌরাণিক ঘটনার তুলনামূলক সংক্ষিপ্ত উপস্থাপনা নিয়ে সমালোচনাও রয়েছে। তারপরও সমালোচকদের মতে, ‘দ্য অডিসি’ শেষ পর্যন্ত দেবতা বা দানবের গল্প নয়; বরং দীর্ঘ যুদ্ধ শেষে নিজের ভেতরের লড়াইয়ে ফিরে আসা এক মানুষের গল্প, যা নোলানের চলচ্চিত্রজীবনের অন্যতম উচ্চাভিলাষী নির্মাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালের আলো/এসএ

 

 

 

একই ক্যাফেতে ম্রুণাল-যশস্বী, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
একই ক্যাফেতে ম্রুণাল-যশস্বী, প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল-কে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে তাঁদের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে এখন পর্যন্ত দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সোয়াল ক্যাফে থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, আর ম্রুণাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। ভিডিওতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি কিংবা কোনো ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন।

এদিকে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে দুজনের বয়সের পার্থক্যও। বর্তমানে ম্রুণালের বয়স ৩৩ বছর এবং যশস্বীর বয়স ২৪ বছর। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করলেও, অন্যদের দাবি—একই ক্যাফেতে উপস্থিত থাকা মানেই প্রেমের সম্পর্ক নয়।

অনেক ভক্তের ধারণা, ব্যক্তিগত সাক্ষাতের পরিবর্তে এটি কোনো বিজ্ঞাপন বা ব্র্যান্ডের প্রচারণার শুটিংও হতে পারে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সোয়াল—কেউই ভাইরাল ভিডিও বা প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই এবং বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে।

কালের আলো/এসএ

 

 

 

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

Oplus_131072

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।

বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে।

এ ছাড়া জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে এটি নিশ্চিত হওয়ার পরই নতুন রেজিস্ট্রেশন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

এ বিষয়ে পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং বিআরটিএকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/এসএকে