খুঁজুন
                               
, ,
           

শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সুস্থ বিকাশের পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

তিনি বলেন, সঠিক শিক্ষা ও আদর্শে বেড়ে ওঠা শিশুরাই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিশুদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতে হবে। একজন শিশুর সুষ্ঠু চরিত্র ও মানবিক গুণাবলীই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক জাতি গঠনের ভিত্তি।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়।

তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার জন্য উৎসাহ দেন।

এ সময় শিশুদের শিক্ষা, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর এবং যুগোপযোগী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ট্রেস পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসেও মঙ্গলবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কালের আলো/এসএকে

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

Oplus_131072

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। একই সঙ্গে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৯ দশমিক ৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে কমে আসা, জ্বালানি তেলের দাম হ্রাস এবং মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ইল্ড কিছুটা নমনীয় হওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠককে ঘিরে মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে যাওয়াও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকায় মূল্যবান ধাতুগুলো সপ্তাহের শুরুতেই ভালো অবস্থানে রয়েছে। জ্বালানি তেলের দাম কমেছে এবং মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ড উভয়ই নমনীয় অবস্থায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চমূল্য সাধারণত মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ায়, যার ফলে দীর্ঘ সময় সুদের হার উঁচু থাকতে পারে। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই সম্পদের চাহিদা কিছুটা কমে যেতে পারে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৯ দশমিক ১৫ ডলারে, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩১ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৮৪ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা রয়েছে।

কালের আলো/এসএকে

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলায় ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সেদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়।

কালের আলো/এসএকে