খুঁজুন
                               
, ,
           

শেখ হাসিনার দেশে ফেরা কতটা সম্ভব? কী বলছে বাস্তবতা

কালের আলো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরা কতটা সম্ভব? কী বলছে বাস্তবতা

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে আবারো রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন প্রায় দুই বছর আগে অভ্যুত্থানের মুখে দেশ ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিদ্যমান আইনি ও রাজনৈতিক বাস্তবতায় তার সেই ঘোষণা কতটা বাস্তবসম্মত-তা নিয়েই এখন চলছে আলোচনা।

একদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায়, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমও নিষিদ্ধের মতো প্রেক্ষাপটে হাসিনার দেশে ফেরার পরিস্থিতি আদৌ কতটা রয়েছে, তা নিয়েও আছে নানা আলোচনা।

বিশ্লেষকদের অনেকের মতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় যে জনরোষের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, প্রায় দুই বছর পরও সেই রাজনৈতিক বাস্তবতায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। ফলে তিনি জনগণের সমর্থনের কথা বললেও বর্তমান বাস্তবতায় তার পক্ষে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা সহজ হবে না। তবে রাজনৈতিক সমঝোতাই দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় বলে মত তাদের।

এছাড়া শেখ হাসিনা যে সময়সীমা দিয়েছেন, তা আসতে এখনও আরও পাঁচ মাস বাকি। ফলে তার দেশে ফেরার এই দাবি অনেকের ভাষ্যমতে কেবলই ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল – তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

হাসিনার ফেরার ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি ‘সম্পূর্ণ বৈরি’

গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার আগে একই বছরের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদেও সেই অধ্যাদেশ অনুমোদন হয়। স্বাভাবিকভাবেই দেশের ভেতরে দলটির কার্যক্রম চালানো আইন অনুযায়ী সম্ভব নয়। ফলে তার বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি কি আদৌ তৈরি হয়েছে?

সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক মোজাম্মেল হোসেন মঞ্জুর মতে, ‘বিশেষ ধরনের রাজনৈতিক অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে।

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় যেমন দলটির তৎপরতা চালানো সম্ভব নয়, একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় থেকে চলা মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার দিকটি মিলিয়ে বর্তমান পরিস্থিতিকে ‘সম্পূর্ণ বৈরি’ বলেই মনে করছেন তিনি।

‘বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার ফেরার জন্য খুবই খুবই প্রতিকূল।’-বলেন মঞ্জু।

প্রায় দুই বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকেই এর সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা ও গ্রেফতারের খবর এসেছে গণমাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের ভেতরে থাকা অনেক নেতাকর্মীই এখনও আত্মগোপনে রয়েছেন। এমনকি বিভিন্ন সময় দলকে সক্রিয় করতে বের করা ঝটিকা মিছিল থেকেও আটক হয়েছেন অনেকে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দাবি আদৌ কতটা বাস্তব, উঠছে সে প্রশ্নও।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বীর আহমেদ ‘শেখ হাসিনার ফেরা আর আওয়ামী লীগের ফেরা দুটা আলাদা জিনিস’।

আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইনি মোকাবিলার মাধ্যমেই ফিরতে হবে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেয়ার কোনো কারণ নেই বলেই মত অধ্যাপক আহমেদের।

এছাড়া গণমাধ্যমে সরাসরি নিজেই ফেরার কথা জানানোর ‘অন্তর্নিহিত তাৎপর্য’ আছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘দেশে ফেরার ক্ষেত্রে উনি হয়তো ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে একটা চাপ সরকারের ওপর ক্রিয়েট করতে পারেন।’

দরকার সমঝোতার রাজনীতি

গণ-অভ্যুত্থানের সময় আন্দলনকারীদের ওপর গুলিবর্ষণসহ নানা কারণে জনরোষের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। দুই বছর পর এসে সেই পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবার কোনো উদাহরণ নেই।

ফলে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলেছেন, তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন অনেকে।

তারা বলছেন, এমন প্রেক্ষাপটে রাজনৈতিক সমঝোতাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একমাত্র উপায়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মুহূর্ত। কিন্তু তা করতে হলে যে উপায়ে দলটির নেতাকর্মীদের এগোতে হবে, তার একেবারে ভিন্ন দিকে তারা হাঁটছেন বলেই মত বিশ্লেষকদের।

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি সরাসরি দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মনে করেন অধ্যাপক সাব্বীর আহমেদ, যার একটি আওয়ামী লীগপন্থি আর অন্যটি আওয়ামী লীগবিরোধী।

‘পুরো এন্টি আওয়ামী লীগ গ্রুপটা আওয়ামী লীগকে ফেরত চায় না। এখন তাদেরকে তো আপনার চাওয়াইতে হবে। আপনি ফিরতে হলেতো এদের সঙ্গে থাকতে হবে। তারা যদি আপনাকে দাঁড়াইতে না দেয়, তাহলে আপনি কীভাবে আসবেন? কীভাবে আপনি রাজনীতি করবেন?’।-বলেন তিনি।

এছাড়া বাংলাদেশে দলটির ৩০ শতাংশ অনুগত সমর্থক আছে বলে ধরে নিলেও বাকি ৭০ শতাংশ তাদের বিরুদ্ধে আছে। ফলে ‘অস্তিত্ব সংকটে’ থাকায় সেই ৩০ শতাংশ এই মুহূর্তে একত্রিত হয়েও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারার বাস্তবতা নেই বলে মনে করেন সাব্বীর আহমেদ।

তিনি বলেন, ‘স্বাভাবিক রাজনীতিতে ফিরতে হলে সমঝোতার রাজনীতিতে আসতে হবে। কিন্তু কখন কীভাবে সেই রাজনীতিটা হবে, সেটা সময় বলে দেবে।’

অবশ্য আছে ভিন্নমতও। রাজনৈতিক বিশ্লেষক মোজাম্মেল হোসেন মঞ্জু বলছেন, শেখ হাসিনার ফিরতে চাওয়ার পরিকল্পনা তার ‘রাজনৈতিক সংগ্রামের অংশ’।

‘সবকিছু অনুকূল হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, তারপর আন্দোলন হবে- তা নয়। আন্দোলনতো ধারাবাহিক। তিনি যদি এই ডিসেম্বরে না আসতে পারেন, পরিস্থিতি হয়তো এমন হলো যে তিনি আসতে পারলেন না, তিনি আরেকটা তারিখ দিলেন, সেটাও হচ্ছে আন্দোলনের ধারাবাহিকতা।’

এমনকি গত দুই বছরে মুক্তিযুদ্ধের ওপর যেভাবে আঘাত এসেছে, সেখান থেকে জনসাধারণের অনেকের মধ্যেই শেখ হাসিনার যেসব রাজনৈতিক ভুল ছিল, সেগুলোর গুরুত্ব কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

যেতে হবে আইনি পন্থায়

শেখ হাসিনার ফেরার পরিকল্পনা গণমাধ্যমে আসার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমি মনে করি না এটা গুরুত্বপূর্ণ কিছু। এটা মূলত একটা প্রোপাগান্ডার অংশ। শেখ হাসিনা যদি দেশে ফেরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য’।

এদিকে শেখ হাসিনা ‘আসছেন না, আসতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন।

জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে কেবল হত্যা মামলাই হয়েছে ৪৫৩টি, যার একটিতে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ।

ফলে আইনত আওয়ামী লীগের এই নেতা দেশে ফেরা মাত্রই গ্রেফতার হবেন। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলছেন, ভারতে নির্বাসিত শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত।

‘ভারত সরকার তাকে দিতে পারে, নাও দিতে পারে। সো উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পন করবেন, এটা আমার মনে হয় ঠিক না।’

আরও পড়ুন: রাজনীতি নিয়ে সিদ্ধান্ত পাল্টালেন হাসিনা

যদিও আইনজ্ঞরা বলছেন, রায় হওয়ার পর আপিলের নির্ধারিত সময় পার হলেও শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসেন না কেন আত্মসমর্পণ করে সাজার রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ আছে।

মঞ্জুর মতে, শেখ হাসিনার অনুপস্থিতিতে অতি দ্রুত বিচারের বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্য হয়নি। একইসঙ্গে এই আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে শেখ হাসিনা যে চ্যালেঞ্জ করেছেন, সেই প্রশ্ন আন্তর্জাতিকভাবেও আছে।

অন্যদিকে অধ্যাপক আহমেদ বলছেন, শেখ হাসিনাকে ফেরার পর প্রথমেই তাকে আইনি লড়াইয়ে যেতে হবে।

‘দলের নিষিদ্ধকরণের বিষয়ে মামলা করতে হবে। এই মুহূর্তে সরকারতো ওই উদ্যোগে যাবেই না। তাকে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও আমার মনে হয় না।- বলেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা।

কালের আলো/এএএন

গাজার অবরোধ ভাঙতে ব্রিস্টল থেকে যাত্রা শুরু ‘কেট’ নৌযানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
গাজার অবরোধ ভাঙতে ব্রিস্টল থেকে যাত্রা শুরু ‘কেট’ নৌযানের

গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে একটি নৌবহরের অভিযানে যোগ দিতে দক্ষিণ ইংল্যান্ড থেকে একটি নৌযান যাত্রা শুরু করেছে।

রোববার ব্রিস্টলের হ্যানোভার কুয়ে-তে জড়ো হন সমর্থকেরা।

প্রগতিশীল রাজনীতির জন্য পরিচিত এবং গ্রিন পার্টির প্রতিনিধিত্ব থাকা শহরটি থেকে ‘কেট’ নামের নৌযানটির যাত্রা উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌযানটিতে ফ্রিডম ফ্লোটিলা আন্দোলনের ১২ জন কর্মী রয়েছেন।
বিদায় জানাতে উপস্থিত ছিলেন চিকিৎসক ও ‘মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস’-এর প্রতিষ্ঠাতা সুই অ্যাং। ছিলেন ওয়েলসের নার্স লেই ইভান্স, যাকে ২০২৫ সালের জুনে মিসরীয় সেনাদের সামনে হাঁটু গেড়ে গাজায় ত্রাণ নিয়ে প্রবেশের অনুমতি চাওয়ার দৃশ্যের ভিডিওতে দেখা গিয়েছিল।

এছাড়া ছিলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী মতামত প্রকাশের ঘটনায় সম্প্রতি আইনি লড়াইয়ে জয়ী অধ্যাপক ডেভিড মিলার।
নৌযানটির আইরিশ অধিনায়ক ফিয়াক ও ব্রোলচাইন এর আগেও গাজামুখী একটি অভিযানে অংশ নিয়েছিলেন।

সে সময় ইসরায়েলি বাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় তার শ্রবণযন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল।
ব্রোলচাইন বলেন, ইসরায়েলি সেনাদের তিনি বারবার বলেছিলেন, ‘আমি আপনাদের শুনতে পাচ্ছি না; আপনারা আমার শ্রবণযন্ত্র নিয়ে নিয়েছেন’।

২০১০ সাল থেকে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা প্রতিটি নৌবহরকে ইসরায়েল বাধা দিয়েছে বা হামলা চালিয়েছে। এমনকি আন্তর্জাতিক জলসীমায়ও এসব নৌযান আটক বা হামলার শিকার হয়েছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য ও আন্তর্জাতিক আইনজীবী ফ্রাঙ্ক রোমানো বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ৭৫টিরও বেশি সংহতি প্রকাশকারী জাহাজ ও নৌযান আটক করেছে। এসব নৌযান ফিরিয়ে আনতে তিনি আইনি লড়াই করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র দুটি নৌযান উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

রোমানোর নিজের মালিকানাধীন ‘হান্দালা’ নামের একটি নৌযানও ২০২৫ সালের জুলাইয়ে ইসরায়েলি বাহিনী আটক করে। নৌযানটির নামকরণ করা হয়েছে প্রয়াত ফিলিস্তিনি চিত্রশিল্পী নাজি আল-আলির সৃষ্ট জনপ্রিয় চরিত্র ‘হান্দালা’র নামে।

রোমানো জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিভিন্ন ধাপে কয়েক ডজন নৌযান রয়েছে। এ উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। গত বছর প্রথম অভিযান শুরু করার পর চলতি বছরের এপ্রিলে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হয়।

সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও এ আন্দোলনে যোগ দেন। গত অক্টোবরে ‘আলমা’ নামের একটি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করলে থুনবার্গসহ ফ্লোটিলার অন্য যাত্রীদেরও আটক করা হয়। আটক অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তারা। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

নৌযানটিতে ‘ইন ফ্রিডম’ কবিতাটিলেখা রয়েছে |
আরেক আইরিশ অধিকারকর্মী কলম বার্নও আগের কয়েকটি ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর এবার আবারও যাত্রা শুরু করেছেন। তিনি জানান, এপ্রিলে গাজার উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে থাকতেই ইসরায়েলি বাহিনী তাদের নৌযান আটক করে।

বার্নের দাবি, ফ্লোটিলার সদস্যদের লাথি মারা, মারধর করা এবং যন্ত্রণাদায়ক ও অপমানজনক অবস্থায় থাকতে বাধ্য করা হয়। এতে তার কাঁধে আঘাত লাগে।

তিনি জানান, হাত পেছনে বাঁধা অবস্থায় প্রায় চার ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়েছিল তাদের। পরে কারাগারে নেওয়ার পর মাথা নিচু করে হাঁটতে বাধ্য করা হয়। মাথা তুললে চড় মারার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে বার্ন বলেন, ওই আচরণে তিনি অপমানিত বোধ করলেও ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর যে মাত্রায় নির্যাতন চালানো হয়, তার সঙ্গে এ অভিজ্ঞনার তুলনা চলে না।

তথ্যসূত্র: আল জাজিরা

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রাডো গাড়িতে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, আটক ২

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
প্রাডো গাড়িতে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, আটক ২

কুমিল্লায় একটি প্রাডো গাড়ি থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ফয়সাল ও আরমান।

তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশে মহাসড়ক দিয়ে পরিবহন করা হবে বলে পুলিশ জানতে পারে।

এ তথ্যের ভিত্তিতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় একটি প্রাডো গাড়িতে তল্লাশি চালানো হলে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

পুলিশ আরও জানায়, অভিযুক্তদের ব্যবহৃত গাড়িটি আগের রাতে চট্টগ্রামে অবস্থান করছিল। পরদিন সেটি ঢাকার দিকে যাচ্ছিল।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে চালানের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ইয়াবার চালানের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া প্রাডো গাড়িটির মালিকানা যাচাই করতে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যও পরীক্ষা করা হবে।

পুলিশের দাবি, কুমিল্লায় সাম্প্রতিক সময়ে আটক হওয়া ইয়াবার চালানগুলোর মধ্যে এটি অন্যতম বড় চালান।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পারফরম্যান্সে ‌‘সন্তুষ্ট’ প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পারফরম্যান্সে ‌‘সন্তুষ্ট’ প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাত্র একদিন আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকারের প্রথম ৬ মাস এই পদে দায়িত্ব পালনের মাধ্যমে শেষ হয় তাঁর দুই বছরের চুক্তির মেয়াদ। তবে আগে থেকেই গুঞ্জন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কাউকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বেছে নিচ্ছেন না। নতুন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সফলভাবে দেশ চালানোর ক্ষেত্রে ১৮০ দিনে কর্মদক্ষতার পরিচয় দেওয়া নাসিমুল গনিকেই তিনি চুক্তিতে রাখছেন।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রজ্ঞাপন তাঁর বিষয়ে সরকারপ্রধানের মূল্যায়ন পরিস্কার। যা নাসিমুল গনির ওপর প্রধানমন্ত্রীর গভীর আস্থাকেই সামনে নিয়ে এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে-সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনি (পরিচিতি নম্বর-৩১০৭)-কে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুন:চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবকে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, মাঠ প্রশাসনের তদারকি এবং প্রশাসনিক সংস্কারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই পদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। চাকরি জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও অতীতেও বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের সুযোগ পেয়েছেন ড.নাসিমুল গনি। বর্তমান প্রশাসন ক্যাডারেও একজন দক্ষ, অভিজ্ঞ, সৎ, পেশাদার ও যোগ্য কর্মকর্তা হিসেবে সরকারের পছন্দের তালিকার অগ্রভাগে ছিলেন তিনি। প্র্রশাসনের সর্বোচ্চ এই কর্মকর্তা সরকারের প্রথম ৬ মাসে ক্যাবিনেট সেক্রেটারি পদের মর্যাদা ও ওজনের সঙ্গে সংগতিপূর্ণ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। গতিশীল ও কার্যকর প্রশাসন গড়তে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই পুনরায় ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার ওপরেই আস্থা ও বিশ্বাস রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • ১৮০ দিনে কর্মদক্ষতার পরিচয় দেওয়া নাসিমুল গনিকেই এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  • দক্ষ, অভিজ্ঞ, সৎ, পেশাদার ও যোগ্য কর্মকর্তা হিসেবে সরকারের পছন্দের তালিকার অগ্রভাগে ছিলেন
  • অতীতেও বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের সুযোগ পেয়েছেন

একজন নাসিমুল গনির শিক্ষা ও চাকরি জীবন বেশ বর্ণাঢ্য। ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০১ সালের সরকারের মেয়াদে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ছিলেন ভূমি মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর একান্ত সচিব। ১৯৯৫ সালে তাঁকে বাংলাদেশ দূতাবাস, বাগদাদ, ইরাকে প্রথম সচিব (শ্রম) পদে নিয়োগ করা হয়। এক বছর পর তাঁকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাঁকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয় এবং পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়। ১৯৯৯ সালে তাঁকে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ করা হয়। ২০০০ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। জামালপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে তাকে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং তাঁকে রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ২০০৭ সালে তাঁকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ওই সময় প্রথমে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার নাসিমুল গনিকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। তিনি ওই বছরের ১৮ আগস্ট সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের পর এক বছর এক মাস ২৩ দিন তিনি দক্ষতার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালনকালীন সময়েই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারের অতি গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের আমলা হিসেবে কার্যকর ভূমিকা রাখেন তিনি। চলতি বছরের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নব-নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর ঠিক আগেরদিন দুপুর সোয়া ১টায় নতুন পদে যোগ দিতে এসে সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসিমুল গনি তাঁর গুরুদায়িত্ব প্রাপ্তির উচ্চারণে সুস্পষ্ট করেন মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমানত ও দায়িত্ব হিসেবে দেখার মানসিকতাকে। তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

নাসিমুল গনি সেদিন যখন এই পদে দায়িত্ব নিয়েছিলেন তখন কেবলই এটি একটি পদ নয় বরং সময়ের কারণে এর দায়িত্বও স্বাভাবিক সময়ের চেয়ে ছিল অনেক বেশি। তিনি তাঁর সেই বক্তব্যের মাধ্যমে দায়িত্বের বিশালত্বের সঙ্গে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন গভীর বিনয়ের সঙ্গেই। নতুন সরকারের প্রথম ৬ মাস প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে শক্ত হাতে প্রশাসন সামলেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়া প্রশাসনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেন। তাঁর প্রশাসনিক সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলোও মূল্যায়ন করেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই নিয়োগ সরকারপ্রধানের দূরদর্শী সিদ্ধান্তের প্রতিফলন হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা।

কালের আলো/এমএএমএমকে