খুঁজুন
                               
, ,
           

বন্যা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
বন্যা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত এলাকায় প্রথম দিন থেকেই মাঠপর্যায়ের সব স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর পিআইডি সম্মেলন কক্ষে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের চিকিৎসা, নিরাপদ পানি, সাপের কামড়ের চিকিৎসা এবং গর্ভবতী মা ও শিশুদের বিশেষ সেবায় স্বাস্থ্যবিভাগ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। মাঠপর্যায়ে ২১ হাজার অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই প্রতিদিন ক্ষতিগ্রস্ত এলাকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। কোথাও কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে।

তিনি জানান, বন্যাকবলিত এলাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে ২১ হাজার অ্যান্টি-স্নেক ভেনম সরবরাহ করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে আরও এক হাজার ভায়াল মজুত রয়েছে। এ পর্যন্ত সাপে কাটা রোগীদের সবাইকে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে এবং একজন রোগীরও মৃত্যু হয়নি।

মন্ত্রী বলেন, গর্ভবতী নারী, প্রসূতি ও শিশুদের চিকিৎসাসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো প্রসূতির জরুরি অবস্থা সৃষ্টি হলে স্পিডবোট, স্থানীয় নৌকা বা অন্য যেকোনো উপায়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রেও এখন পর্যন্ত কোনো নেতিবাচক ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্ত্রী আরও বলেন, বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ৭ লাখ ২৯ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রীয় মজুতে আরও ৩৬ লাখ ১৯ হাজার ৫৭২টি ট্যাবলেট সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত সরবরাহ করা হবে।

তিনি জানান, সম্ভাব্য ডায়রিয়া ও কলেরা মোকাবিলায় ৩ লাখ ৯৯ হাজার ৮৭৯ ব্যাগ খাবার স্যালাইন এবং প্রায় ১০ হাজার ব্যাগ নরমাল স্যালাইন প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় কলেরার প্রাদুর্ভাব শুরু হয়নি। তবে পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, তাই স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মন্ত্রী জানান, সাতকানিয়ায় বন্যার পানি হাসপাতালে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে চিকিৎসা যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পানি নেমে যাওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যকর্মীরা মাঠে রয়েছেন। নারী, শিশু, প্রবীণ এবং সাপে কাটা রোগীদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বন্যাদুর্গত মানুষের কাছে আরও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

এ সময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

মাংসের বাজারে নেই স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
মাংসের বাজারে নেই স্বস্তি

মাছ ও মুরগির বাজারে দামের ওঠানামা থাকলেও গরু ও খাসির মাংসের বাজারে নেই কোনো স্বস্তি। গত বছরের শেষ দিকে এক দফা ২০০ থেকে ৩০০ টাকা দাম বাড়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কমেনি মাংসের দাম। ফলে উচ্চমূল্যেই গরু ও খাসির মাংস কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, গরু ও খাসির মাংসের দাম কয়েক মাস ধরেই একই অবস্থানে রয়েছে। বিক্রেতারা বলছেন, গবাদিপশু কেনার খরচ, পরিবহন ব্যয় ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাই দাম কমারও সুযোগ নেই।

যাত্রাবাড়ীর মাংস বিক্রেতা আব্দুর রহিম বলেন, ‘সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারই মাংসের বিক্রি সবচেয়ে বেশি হয়। কর্মব্যস্ত মানুষ এদিন বাজার করেন, আবার অনেক পরিবারে শুক্রবার বিশেষ রান্নার আয়োজন থাকে। তবে দাম বেশি থাকায় অনেকেই আগের মতো পরিমাণে মাংস কিনছেন না।’

শ্যামবাজারে আরেক বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘ক্রেতারা দাম নিয়ে অভিযোগ করেন, কিন্তু আমাদেরও বেশি দামে গরু কিনতে হয়। তাই কম দামে বিক্রি করার সুযোগ নেই।’

রাজধানীর নারিন্দার বাসিন্দা রাব্বি মিয়া বলেন, ‘সাত-আট মাস আগে এক লাফে মাংসের দাম অনেক বেড়েছিল। এরপর এতদিনেও কমেনি। শুক্রবার বাসায় অতিথি আসে, বাচ্চারাও মাংস খেতে চায়। তাই ইচ্ছা না থাকলেও কিনতে হয়।’

গৃহিণী রুমা আক্তার বলেন, ‘আগে মাসে কয়েকবার গরুর মাংস রান্না হতো। এখন দাম বেশি হওয়ায় অনেক হিসাব করে কিনতে হয়। খাসির মাংস তো প্রায় কেনাই ছেড়ে দিয়েছি।’

ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে বিক্রি হলেও বাজারে কার্যকর নজরদারির অভাব রয়েছে। তাদের প্রত্যাশা, বাজার তদারকি বাড়িয়ে মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালের আলো/আরডি/এমডিএইচ

ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কালের আলো/এসকে/এমএসআইপি 

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নওফলের বাসভবনে অগ্নিসংযোগ

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নওফলের বাসভবনে অগ্নিসংযোগ

নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৬-৭ জনের একটি দল তার বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে।

এসময় হামলাকারীরা পালিয়ে যায়।

চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী।

গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এবারসহ চার দফায় হামলা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়।

ওই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে বাড়িটি খালি পড়ে আছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে গত বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অডিও বার্তা দেন ওই সরকারের প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে নওফেলও অংশ নেন। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জেরেই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি