খুঁজুন
                               
, ,
           

ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজাগামী ফ্লোটিলার কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজাগামী ফ্লোটিলার কর্মীর

গাজাগামী মানবিক সাহায্যবাহী নৌবহর (ফ্লোটিলা)-এর এক জার্মান মানবাধিকারকর্মী ইসরায়েলি হেফাজতে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী অ্যানা লিডকে জানান, বন্দি অবস্থায় একাধিকবার জোরপূর্বক স্ট্রিপ-সার্চের সময় নারী কারারক্ষীরা তাঁর ওপর যৌন নির্যাতন চালান। এ ঘটনায় তিনি ইসরায়েলে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

লিডকের ভাষ্য অনুযায়ী, গাজাগামী ত্রাণবাহী নৌযানটি আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের পর তাঁকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ দিন আটক থাকার সময় নির্যাতনের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, নির্যাতনের সময় তাঁর চিৎকার থামাতে মুখ চেপে ধরা হয় এবং কাছাকাছি অবস্থান করা পুরুষ রক্ষীদের হাসির শব্দও তিনি শুনতে পান।

অ্যানা লিডকে বলেন, এসব নির্যাতনের উদ্দেশ্য ছিল ফ্লোটিলার কর্মীদের ভয় দেখানো এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলা থেকে বিরত রাখা। তবে তিনি জানান, ঘটনার পরপরই চিকিৎসক ও বন্ধুদের বিষয়টি জানান এবং পরে প্রকাশ্যে অভিযোগ তোলেন।

ইসরায়েলে লিডকের আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল, কারা কর্তৃপক্ষের আইনি উপদেষ্টা, তদন্ত বিভাগ এবং সংশ্লিষ্ট কারাগারের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের দাবি, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।

লিডকের আইনজীবী মুনা হাদ্দাদ বলেন, ইসরায়েলে বন্দিদের ওপর নির্যাতনের ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান। এই অভিযোগের মাধ্যমে সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে।

এদিকে, লিডকের পাশাপাশি আরও এক ডজনের বেশি ফ্লোটিলা কর্মী ইসরায়েলি হেফাজতে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যদিও তাঁদের বেশির ভাগই নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশ করেননি।

প্রসঙ্গত, জাতিসংঘ ও কয়েকটি দেশ ইতোমধ্যে ইসরায়েলের বন্দিশালায় যৌন সহিংসতার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও ফ্রান্স পৃথকভাবে সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত শুরু করেছে।

কালের আলো/এসএ 

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার একটি ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৬ ‍জুলাই) রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সামনে দলীয় কর্মী ও উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী এগিয়ে গেলে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ সময় এক পুলিশ সদস্য পেছন থেকে তাকে ধরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাজুড়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখা যায়।

ঘটনার সময়কার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এসকে/এমএসআইপি

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পুষ্পস্তবক অর্পণের পর হাফিজ উদ্দিন আহমদ শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের।

কালের আলো/এসএকে

দায়িত্বের প্রথম দিনে স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে রাষ্ট্রপতি হাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
দায়িত্বের প্রথম দিনে স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে রাষ্ট্রপতি হাফিজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্যদিবসেই ব্যস্ত কর্মসূচি পালন করেছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সকাল ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীতে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত  রাষ্ট্রপতি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।

দায়িত্ব পালনের প্রথম দিনেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদ তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।

তার এ কর্মসূচিকে রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে

কালের আলো/ডিএইচ/এমএসআইপি