খুঁজুন
                               
, ,
           

‘সুড়ঙ্গ-২’-এ মেহজাবীন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
‘সুড়ঙ্গ-২’-এ মেহজাবীন?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছে, নির্মাতা রায়হান রাফির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ-২’-এ অভিনয় করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলমান থাকায় সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় মেহজাবীনের নামও ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে।

তবে এ গুঞ্জনকে এখনই সত্য বলে মানতে নারাজ নির্মাতা রায়হান রাফি। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত সিনেমাটির কোনো শিল্পীকেই চূড়ান্ত করা হয়নি।

রাফি বলেন, “এ রকম কোনো কিছু হয়নি। কিছু মানুষ ফেসবুকে নানা ধরনের পোস্ট করছেন। কিন্তু এখনো কোনো শিল্পীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে কাস্টিং নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে। তখনই সবকিছু জানানো হবে।”

তিনি আরও বলেন, “এখন যেসব নাম ছড়ানো হচ্ছে, সেগুলোর বেশির ভাগই অনুমাননির্ভর। অফিসিয়ালি কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব তথ্যের সত্যতা নেই। সময় হলে আমরা নিজেরাই সব জানিয়ে দেব।”

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। পাশাপাশি সিনেমাটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা পাওয়া ‘সুড়ঙ্গ’-এর সফলতার ধারাবাহিকতায় আবারও এক হচ্ছেন পরিচালক রায়হান রাফি ও অভিনেতা আফরান নিশো। বর্তমানে ‘সুড়ঙ্গ-২’-এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ‘সুড়ঙ্গ-২’ চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।

কালের আলো/এসএ

সুপারহিরোর আড়ালে নিঃসঙ্গতার গল্প, কী থাকছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
সুপারহিরোর আড়ালে নিঃসঙ্গতার গল্প, কী থাকছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে?

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তিকে সামনে রেখে ছবির প্রধান তারকা টম হল্যান্ড নতুন সিনেমার গল্প ও পিটার পার্কারের মানসিক যাত্রা নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি উপস্থাপক জোশ হরোভিৎসকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জানান, নতুন ছবিতে দর্শকরা পিটার পার্কারকে তার জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ে দেখতে পাবেন। তার ভাষায়, সিনেমার শুরুতেই পিটার সম্পূর্ণ একা—তার পাশে নেই কোনো বন্ধু কিংবা পরিবার। একা সবকিছু সামলানোর চেষ্টা এবং সাহায্য না চাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই গল্পে।

টম আরও বলেন, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনাগুলোর পর পিটার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পেয়েছিল—প্রয়োজনে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসিকতার পরিচয়। কিন্তু সেই শিক্ষা উপেক্ষা করে সবকিছু একাই মোকাবিলা করতে গিয়ে সে আরও গভীর সংকটে পড়ে।

সুপারহিরোর চাকচিক্যের আড়ালে থাকা নিঃসঙ্গতার বিষয়টিও নতুন ছবিতে গুরুত্ব পেয়েছে বলে জানান টম। তিনি বলেন, বিশ্বকে রক্ষা করার পরও পিটারকে নিউইয়র্কের ছোট একটি অ্যাপার্টমেন্টে একা জীবন কাটাতে হয়। পুরোনো প্রেমিকা এমজে ও বন্ধু নেডকে দূর থেকে দেখতে দেখতে সে একাকীত্বে ভোগে। টমের মতে, বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী যে মানসিক চাপ ও একাকীত্বের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন, পিটার পার্কারের গল্প সেই বাস্তবতারই প্রতিফলন।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র হিসেবে নির্মিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। ছবিতে টম হল্যান্ডের পাশাপাশি অভিনয় করেছেন জেন্ডায়া, সেডি সিঙ্ক, জেকব ব্যাটালন এবং জন বার্নথাল। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কালের আলো/এসএ

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানে সামরিক হামলা-সংক্রান্ত একটি ভিডিওতে তাঁর জনপ্রিয় গান ‘Firework’ ব্যবহার করায় তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। কেটির দাবি, এ ব্যবহারের জন্য তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এর সঙ্গে কোনোভাবেই একমত নন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। ভিডিওটির পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘Firework’। গানের ‘Boom, boom, boom’ অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘Iran was warned.’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কেটি পেরি বলেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে তাঁর গান সামরিক হামলার ভিডিওতে ব্যবহার হতে দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি জানান, এ ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি এবং তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

তিনি আরও বলেন, ‘Firework’ গানটি তিনি লিখেছিলেন মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। তাঁর ভাষায়, এমন একটি গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমিতে ব্যবহার করা গানের মূল বার্তার সম্পূর্ণ পরিপন্থী। তাঁর মতে, এই গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধকে উদ্‌যাপন করার জন্য নয়।

উল্লেখ্য, রাজনৈতিক প্রচারণা বা সরকারি ভিডিওতে গান ব্যবহারের প্রতিবাদ জানানো কেটি পেরিই প্রথম নন। এর আগে আরিয়ানা গ্রান্দে, সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা বিভিন্ন ভিডিওতে তাঁদের গান ব্যবহারের বিরোধিতা করেছিলেন।

এদিকে কেটি পেরি তাঁর নতুন কনসার্ট চলচ্চিত্র ‘The Lifetimes Tour from Paris’-এর ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তাঁর ‘Lifetimes Tour’-এর একটি পরিবেশনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির তারিখ পরে জানানো হবে।

কালের আলো/এসএ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি