খুঁজুন
                               
, ,
           

জুলাইতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
জুলাইতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.১ শতাংশ

চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ জুলাই থেকে ২০ জুলাই সময়ের মধ্যে  প্রবাসী বাংলাদেশিরা মোট ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১.৬৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই (সোমবার) একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিট্যান্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।

রেমিট্যান্স প্রবাহের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিকে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

গ্রামেই কর্মসংস্থান গড়ছে বেতাগীর মিনি কারখানা

বরগুনা সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
গ্রামেই কর্মসংস্থান গড়ছে বেতাগীর মিনি কারখানা

বরগুনার বেতাগীতে স্থানীয় উদ্যোগ ও পুঁজিতে গড়ে উঠেছে ক্ষুদ্র পোশাক কারখানা ‘গ্রিন লিভ ফ্যাশন’। গ্রামীণ জনপদে গড়ে ওঠা এই কারখানাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। বিশেষ করে নারী, যুবক, বিধবা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মানুষের জন্য আয়ের সুযোগ তৈরি হয়েছে এখানে। শহরের শিল্পাঞ্চলে না গিয়েও নিজ এলাকায় কাজ করার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করছেন শ্রমিকেরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করার পাশাপাশি কাজের সন্ধানে শহরমুখী হওয়ার প্রবণতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

গ্রামীণ জনপদে গড়ে উঠেছে কারখানা
বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কঘেঁষে উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে বুড়ামজুমদার ইউনিয়নের কাজীর হাটের তুলতলা এলাকায় গড়ে উঠেছে ‘গ্রিন লিভ ফ্যাশন’ নামের এই ক্ষুদ্র পোশাক কারখানা। কারখানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এর যাত্রা শুরু হয়। তবে চলতি বছর থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে এখানে ২৫ জন পোশাকশ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে স্থানীয় যুবকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীরাও রয়েছেন। স্থানীয় উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা কারখানাটি এলাকার মানুষের জন্য আয়ের নতুন পথ তৈরি করেছে। গ্রামেই কর্মসংস্থানের সুযোগ থাকায় শ্রমিকদের অনেককে জীবিকার জন্য দূরের শহরে যেতে হচ্ছে না।

নিজ এলাকায় কাজ পেয়ে স্বস্তিতে শ্রমিকেরা
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম (৪০) বলেন, শহরে না গিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ পাওয়ায় গ্রামীণ মানুষের আয়ের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এ ধরনের উদ্যোগ বাড়লে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতাও কমে আসবে বলে তিনি মনে করেন।

কারখানার আরেক শ্রমিক তানিয়া বেগম (৪৬) জানান, এখানে অসহায় গ্রামীণ নারীরা কাজের সুযোগ পেয়েছেন। নিজের এলাকায় থেকেই উপার্জন করতে পারছেন তিনি। এতে তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে। শ্রমিক রোকসানা আক্তার (৩৫) বলেন, আগে গ্রামের অনেক নারী ঢাকা, গাজীপুর কিংবা চট্টগ্রামের মতো বড় শিল্পাঞ্চলে গিয়ে কাজ করতে পারতেন না। এখন বাড়ির কাছেই কাজের সুযোগ তৈরি হওয়ায় তাঁদের জন্য উপার্জন করা সহজ হচ্ছে।

স্থানীয় বাজারে চাহিদা বাড়ার আশা
বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বরুন কৃষ্ণ কর্মকার মনে করেন, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ভবিষ্যতে স্থানীয় বাজারে এই কারখানায় তৈরি পোশাকের চাহিদা বাড়তে পারে। স্থানীয় বাজারের চাহিদা বিবেচনায় উৎপাদন বাড়ানো সম্ভব হলে ক্ষুদ্র এই উদ্যোগের পরিসর আরও বিস্তৃত হতে পারে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রশিক্ষণ, বিদ্যুৎ ও বিপণন সুবিধা বাড়ানোর তাগিদ
ক্ষুদ্র পোশাকশিল্পের প্রসারে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের বেতাগী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহসীন খান। তিনি বলেন, এ ধরনের শিল্পের বিকাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের আধুনিক সেলাই ও পোশাক ডিজাইনের ওপর উন্নত প্রশিক্ষণ দিতে হবে। উৎপাদিত পোশাক বড় শহর ও বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর বিপণনব্যবস্থা এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতাও জরুরি। তাঁর মতে, এসব সহায়তা নিশ্চিত করা না গেলে ক্ষুদ্র পোশাকশিল্পের বিস্তার কঠিন হয়ে পড়তে পারে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও বাজারসংযোগ তৈরি করা গেলে এ ধরনের উদ্যোগ আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।

সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা চান উদ্যোক্তা
গ্রিন লিভ ফ্যাশনের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি-বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা পাওয়া গেলে কারখানাটিকে আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা পেলে উৎপাদন বাড়ানো এবং আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা দেখছেন তিনি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ জনপদে মিনি পোশাক কারখানা গড়ে ওঠা এলাকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর ফলে কাজের সন্ধানে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমতে পারে। স্থানীয় পুঁজি, উদ্যোক্তার উদ্যোগ এবং শ্রমিকদের অংশগ্রহণে গড়ে ওঠা গ্রিন লিভ ফ্যাশন এখন বেতাগীর গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার প্রতীক। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা গেলে এ ধরনের ক্ষুদ্র শিল্প স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

অচল এক্স-রে ডেন্টাল চেয়ারও বন্ধ

রাজবাড়ী সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
অচল এক্স-রে ডেন্টাল চেয়ারও বন্ধ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় দেখা দিয়েছে নানা সংকট। এক বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। টেকনিশিয়ানের অভাবে বন্ধ এক্স-রে কক্ষ, আর দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত ডেন্টাল চেয়ার। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক রোগীকে চিকিৎসার জন্য বিভিন্ন জেলার বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে।

এক বছর ধরে বন্ধ অস্ত্রোপচার
হাসপাতালটিতে আধুনিক মানের অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেখানে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। গত বছরের নভেম্বর থেকে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে। সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সুযোগ না থাকায় যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাঁদের বিকল্প চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে রোগীদের বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি যাতায়াতের দুর্ভোগও পোহাতে হচ্ছে।

টেকনিশিয়ান নেই, তালাবদ্ধ এক্স-রে কক্ষ
হাসপাতালটিতে এক্স-রে সেবাও দীর্ঘদিন ধরে বন্ধ। সেখানে জাপানে তৈরি ‘একোমা-১০০’ মডেলের একটি পুরোনো অ্যানালগ এক্স-রে মেশিন রয়েছে। ১৯৮৫ সালে স্থাপন করা এই মেশিনটি প্রথম দিকে কয়েক বছর সচল ছিল। পরে পুরোনো হয়ে যাওয়ায় এতে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বারবার মেরামত করে মেশিনটি কোনো রকমে সচল রাখা হলেও একপর্যায়ে মেডিক্যাল টেকনিশিয়ান (রেডিওলজি) পদটি শূন্য হয়ে পড়ে। পরে পদটি পূরণ না করায় গত বছরের ২৫ মার্চ থেকে এক্স-রে কক্ষটি তালাবদ্ধ রয়েছে। ফলে রোগীদের এক্স-রে করাতে হাসপাতালের বাইরে যেতে হচ্ছে। এতে সরকারি প্রতিষ্ঠানে কম খরচে পরীক্ষা করানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

ডেন্টাল চেয়ার অকেজো, শূন্য চিকিৎসকের পদ
দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও একই ধরনের সংকট রয়েছে। হাসপাতালটিতে ২০১৮ সালের প্রথম দিকে দাঁতের চিকিৎসার জন্য একটি নতুন ডেন্টাল চেয়ার স্থাপন করা হয়। তবে কিছুদিনের মধ্যেই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে চেয়ারটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এদিকে, হাসপাতালটিতে ডেন্টাল সার্জন ও মেডিক্যাল ডেন্টাল টেকনোলজিস্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক ও কারিগরি জনবল না থাকায় দাঁতের চিকিৎসাসেবা কার্যত ব্যাহত হচ্ছে।

সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে
হাসপাতালটির বিভিন্ন সমস্যার কথা স্বীকার করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রোমেল হাসান। তিনি কালের কণ্ঠকে বলেন, সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ অপারেশন থিয়েটার, এক্স-রে কক্ষ ও ডেন্টাল সেবা পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

ক্ষমতার ভারসাম্যে সংবিধান সংশোধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ক্ষমতার ভারসাম্যে সংবিধান সংশোধনের উদ্যোগ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের কয়েকটি ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেন। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং কয়েকটি সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ জানান, কয়েকটি কমিশন বা সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব কমিশন থেকে এসেছিল। এ নিয়ে আলোচনায় শেষ পর্যন্ত ছয়টি সংস্থার বিষয় উঠে এসেছে।  তিনি বলেন, ছয়টি সংস্থার মধ্যে চারটির বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি দুটি সংস্থার বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে। তবে কোন ছয়টি সংস্থার নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, সংবাদ সম্মেলনে সেগুলোর নাম উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিটির আলোচনায় কোনো বিষয়ে কারও সুনির্দিষ্ট মতামত থাকলে তা লিখিতভাবে জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, লিখিতভাবে পাওয়া মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ রাখা হচ্ছে বলে তাঁর বক্তব্য থেকে জানা যায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের কিছু কিছু ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে। কয়েকটি সংস্থার নিয়োগক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাবও সেই উদ্যোগের অংশ। সংবিধান সংশোধনের এই আলোচনা শেষ পর্যন্ত কী ধরনের প্রস্তাবে রূপ নেয় এবং কোন কোন সংস্থার নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আসে, তা কমিটির পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি