খুঁজুন
                               
, ,
           

২০ কোটি পারিশ্রমিক নয়, সিনেমার প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
২০ কোটি পারিশ্রমিক নয়, সিনেমার প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধরনে পরিবর্তন আসছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে এককালীন বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি এখন অনেক তারকাই সিনেমার লাভ, স্বত্বাধিকার ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অংশীদার হচ্ছেন। এবার সেই পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনির গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর বলছে, এককালীন এই বিশাল অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

এ ক্ষেত্রে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না-ও নিতে পারেন শ্রদ্ধা। পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি ও বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে তার। সিনেমাটি ব্যবসাসফল হলে এই মডেলে শ্রদ্ধার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।

বলিউডে অবশ্য এ ধরনের ব্যবসায়িক মডেল একেবারে নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও এমন কাঠামো থেকে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে সিনেমাটির বড় একটি অংশের স্বত্ব নিজের ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে রেখেছিলেন তিনি। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে জানা যায়।

অক্ষয় কুমারের পাশাপাশি শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারাও শুধু নির্দিষ্ট পারিশ্রমিকের ওপর নির্ভর না করে সিনেমার লাভের অংশীদার হওয়ার মডেলের দিকে ঝুঁকছেন। এতে সিনেমা সফল হলে তারকাদের আয়ের পরিমাণ কয়েক গুণ বাড়ার সুযোগ থাকে। একই সঙ্গে সিনেমা ব্যবসায় প্রত্যাশিত সাফল্য না পেলে ঝুঁকির অংশও নিতে হয় তাদের।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, সিনেমাটির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে অভিনেত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর এখন।

কালের আলো/এসএ

সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য প্রায় তিন দশক পরও পুরোপুরি কাটেনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। দীর্ঘ ২৯ বছর পর সেই মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী দাবি করেন, সালমান শাহকে হত্যার জন্য তাঁর স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন।

তদন্ত-সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ বিষয়ে তথ্য উঠে এসেছে।

তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা যাচাই হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সালমান শাহ হত্যার মামলা তুলে নিতে চাপ প্রয়োগের উদ্দেশ্যে তাঁর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনার অভিযোগও রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। ওই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন। পরে একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনের গ্রেপ্তারকে ঘিরে পুরোনো অভিযোগ ও নানা রহস্য আবারও আলোচনায় এসেছে। এখন তদন্তে এসব অভিযোগের কতটা সত্যতা পাওয়া যায় এবং আদালতে সেগুলো কতটা প্রমাণিত হয়, সেটিই দেখার বিষয়।

কালের আলো/এসএ

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ কলম্বিয়ার প্রশান্ত মহাসাগর লাগোয়া উপকূলীয় অঞ্চ ব্যাপক শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি ও ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার কলম্বিয়ার স্থানীয় সময় সকালের দিকে শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

এর আগে রাজধানী বোগোটা এবং প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা পর্যন্ত এই তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোকো প্রদেশের গভর্নর নুবিয়া কারোলিনা কর্ডোবা-কুরি বলেছেন, ‘‘আমরা মাত্রই চোকো বিভাগে এক ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। আমরা আফটার শকের বিষয়ে উদ্বিগ্ন।

তিনি বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে। তবে আমাদের রাজধানী কিবদো শহরের বেশ কিছু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। আমরা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি এবং শিগগিরই এই বিষয়ে সরকারি প্রতিবেদন প্রকাশ করব।

প্রতিবেশী রিসারালদা প্রদেশের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো স্থানীয় সংবাদমাধ্যম ব্লু রেডিওকে বলেন, প্রাদেশিক রাজধানী পেরেইরা শহরের কয়েকটি ভবনে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কিছুক্ষণ আগে যে ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি অত্যন্ত ভয়াবহ। যে ছবিগুলো সামনে আসছে তা সত্যিই মর্মান্তিক। অনেক মানুষ আহত হয়েছেন এবং প্রচুর ভবনের সামনের অংশ ধসে পড়েছে।

এদিকে মার্কিন সুনামি সতর্ক কেন্দ্র বলেছে, কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও দেশটির সুনামির হুমকি কিংবা সতর্কতা নেই। অন্যদিকে কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা সংশোধন করে রিখটার স্কেলে ৭.৪ বলে জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৬ কিলোমিটারে গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ প্রথমে ৭৯ কিলোমিটার ভূগর্ভে ওই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছিল। একই সঙ্গে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শাখা বলেছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। বোগোটার মেয়র কার্লোস গালান এক্সে দেওয়া পোস্টে বলেছেন, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পর দেশটির রাজধানীতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার সীমান্তবর্তী রাজ্য তাচিরা এবং মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর বারকিসিমেতোও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির নাগরিকরা জানিয়েছেন। গত জুনে ভেনেজুয়েলায় জোড়া বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে দেশটিতে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই ছিলেন রাজধানী কারাকাসের উপকূলীয় এলাকার বাসিন্দা।

সূত্র: রয়টার্স, এএফপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রাজশাহীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য  স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
রাজশাহীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য  স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য  হয়ে কারিনা পাল (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। কারিনা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনাা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।

ওসি তৌহিদুল ইসলাম জানান, কারিনা ভাল ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। নিজে নিজে মোবাইলে ফলাফল দেখার পর সে ঘরে ঢুকে যায় এবং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

ওসি জানান, অনেকক্ষণ ধরে কারিনার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়েছে। এরপর  দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

কালের আলো/এএইচ/এমএসআইপি