আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্বে ৩০ মন্ত্রী-হুইপ
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তারা। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও তারা তদারকি করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজন অনুযায়ী জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।
দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ড. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকার দায়িত্ব পেয়েছেন সুলতান আহমেদ টুকু। গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে। সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব পেয়েছেন মো. জি কে গউস। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রজ্ঞাপনে আরও বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের দায়িত্বপ্রাপ্ত জেলার তালিকা উল্লেখ করা হয়েছে। এই দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array