খুঁজুন
                               
, ,
           

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৮৫, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৭৪, গুলশানে ৪৭, উত্তরা বিভাগে ৬১, গোয়েন্দা বিভাগে ৪ এবং সিটিটিসি বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এমএসআইপি

৫০ বছরেও মাঠ মাতাচ্ছেন কার্বি, প্রতিটি ম্যাচ উৎসর্গ প্রয়াত ছেলের স্মৃতিতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
৫০ বছরেও মাঠ মাতাচ্ছেন কার্বি, প্রতিটি ম্যাচ উৎসর্গ প্রয়াত ছেলের স্মৃতিতে

বয়স ৫০ ছুঁইছুঁই। মাথার চুলে পাক ধরেছে। অথচ মাঠে নামলেই যেন বয়সের হিসাবটাই ভুলে যান ক্রেগ কার্বি। তরুণ প্রতিপক্ষকে ড্রিবল করে পাশ দিচ্ছেন, বল নিয়ন্ত্রণে রাখছেন, আর সেই মুহূর্তগুলোই স্ত্রী লিন্ডসের ক্যামেরায় উঠে যাচ্ছে টিকটকে।

সম্প্রতি রচডেলের উত্তরে নিজের জিম খুলতে গিয়ে ফোনে নোটিফিকেশনের বন্যা দেখেন কার্বি। স্থানীয় একটি অপেশাদার ম্যাচের ভিডিও ইতোমধ্যে ৮৫ হাজারের বেশি ভিউ পেয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ফিটনেস আর বল ছাড়া মাঠের মুভমেন্টই ফুটবলের ৯০ শতাংশ।’

তবে সেটিই কার্বির সবচেয়ে বেশি দেখা ভিডিও নয়। তার ‘ফুটবল অ্যাট ফিফটি’ পেজে পিন করে রাখা একটি ভিডিও প্রায় ২৯ লাখবার দেখা হয়েছে। ল্যাঙ্কাশায়ারের গ্রাম্য পরিবেশে উইটওয়ার্থ ভ্যালির হয়ে খেলার সেই ভিডিওর ক্যাপশন ছিল, ‘আজ অনেক হারলাম। তবে ৫০ বছর বয়সের হিসেবে মন্দ না!’

ইনস্টাগ্রাম ও টিকটকে এখন তার অনুসারীর সংখ্যা অনেক। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে রয়েছে গভীর ব্যক্তিগত শোকের গল্প।

২০২৩ সালের ডিসেম্বরে মাত্র ২০ বছর বয়সে রয়্যাল এয়ার ফোর্সে কর্মরত ছেলে সেবাস্টিয়ান আত্মহত্যা করেন। ছেলের মৃত্যুর পর ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কার্বি। কিন্তু স্ত্রী লিন্ডসের উৎসাহে আবার মাঠে ফেরেন তিনি। খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরামর্শও দিয়েছিলেন স্ত্রী।

শুরুতে কার্বির ধারণা ছিল, ভিডিওগুলো হয়তো কয়েকজন বন্ধুই দেখবেন। কিন্তু হঠাৎ করে লাখ লাখ ভিউ আসতে শুরু করলে অবাক হয়ে যান তিনি।

কার্বি বলেন, ‘এখন ২০ বা ৩০ বছর বয়সের চেয়েও আমি ফুটবলটা বেশি উপভোগ করছি।’

কৈশোরে ব্ল্যাকবার্ন রোভার্সে ট্রায়াল দিয়েছিলেন কার্বি। তবে বাবার মতো সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নে ফুটবলের সেই পথ বন্ধ হয়ে যায়। ২৫ বছর বয়সে সেনাবাহিনী ছাড়ার পর কেমব্রিজ ইউনাইটেড থেকেও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু পরিবারের দায়িত্বের কথা বিবেচনা করে পেশা হিসেবে বেছে নেন পার্সোনাল ট্রেনারের কাজ।

এখন সেই কার্বিই নিজের ফিটনেস ও বলের নিয়ন্ত্রণ দিয়ে তরুণ ফুটবলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে জিনেদিন জিদান কিংবা সের্হিও বুসকেতসের সঙ্গে তুলনা করছেন।

তার এই পারফরম্যান্স নজর এড়ায়নি ইংল্যান্ডের ওভার-ফিফটি জাতীয় দলের নির্বাচকদেরও। সম্প্রতি ডাক পেয়েছেন ইংল্যান্ডের ৫০-ঊর্ধ্ব জাতীয় দলে। থাইল্যান্ডে থ্রি লায়ন্সদের জার্সিতে নিজের প্রথম অফিশিয়াল ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।

তবে কার্বির কাছে ফুটবল এখন শুধু খেলা নয়, ছেলের স্মৃতির সঙ্গে বেঁচে থাকারও একটি পথ।

তিনি বলেন, ‘আমি শোকের কারণে প্রিয় খেলাটা ছেড়ে দিতে চাইনি। ৯৯ শতাংশ সময় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, তবে আমি যখনই মাঠে নামি, পুরো খেলাটাই আমার ছেলে সেবের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা থাকে।’

শোককে শক্তিতে পরিণত করে ফুটবলকে আঁকড়ে ধরে নতুন করে জীবন উপভোগ করছেন কার্বি। বয়সের কারণে যারা কোনো স্বপ্ন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন, তাদের জন্যও তার বার্তা স্পষ্ট—‘কোনো কিছু করতে চাইলে দ্বিধা না করে মাঠে নেমে পড়ুন। চিন্তা করাই মূল বাধা, কাজটা করে ফেলা নয়।’

আর কবে ফুটবল ছাড়বেন?

হেসে কার্বির উত্তর, ‘যেদিন মাঠে কোনো তরুণ আমাকে ড্রিবল করে পার হয়ে গিয়ে হাসাহাসি করবে, বুঝব থামার সময় এসেছে!’

কালের আলো/এসএ

‘ইমরান দুর্নীতি করার মানুষ নন’, কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
‘ইমরান দুর্নীতি করার মানুষ নন’, কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ

ক্রিকেটের মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে রাজনীতিতে এসে দেশটির প্রধানমন্ত্রীও হয়েছেন। তবে গত কয়েক বছর ধরে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।

দুর্নীতিসহ একাধিক মামলায় প্রায় তিন বছর ধরে বন্দী ইমরান। দীর্ঘদিন কারাবন্দী থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার সুচিকিৎসা ও কারাগারে ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের ২১ জন সাবেক অধিনায়ক।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কাছ থেকে সমর্থন পাওয়ার মধ্যে এবার ইমরানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার জাভেদ মিয়াঁদাদ। ইমরানের সঙ্গে দীর্ঘদিন একই দলের হয়ে খেলা এই কিংবদন্তি বলেছেন, ইমরান দুর্নীতি করার মতো মানুষ নন।

ইউটিউব চ্যানেল ‘ন্যারেটিভ’-কে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত মিয়াঁদাদ বলেন, ‘তিনি একজন সৎ মানুষ। দুর্নীতি করার মতো মানুষ নন তিনি। নইলে আরও অনেক কিছুই করতে পারতেন।’

ইমরানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে মিয়াঁদাদ বলেন, ‘তাকে ছেড়ে দিলে কী এমন হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন বা কারও ক্ষতি করবেন? তিনিও তো কারও সন্তান। আমি সারাক্ষণ ভাবি, তিনি এখন কী করছেন।’

ইমরানকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়ে সাবেক এই ব্যাটার পাকিস্তান সরকারের প্রতি বিষয়টির দ্রুত ও ন্যায়সংগত সমাধানের আহ্বান জানান।

মিয়াঁদাদ আরও বলেন, ‘যা ভুল, তা ভুলই। তিনি অবশ্যই একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। পাকিস্তান সরকারের কাছে আমার আবেদন—ন্যায়সংগত বিষয়টির জয় হোক। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’

ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়াঁদাদ বলেন, তার কিছু হয়ে গেলে পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

তার ভাষায়, ‘সৃষ্টিকর্তা না করুন, ওনার কিছু হলে দেশে কী ঘটবে, তা কি কল্পনা করতে পারেন? পুরো পাকিস্তান কাঁদবে। পাকিস্তানকে নিজের সবটুকু দিয়েছেন তিনি। তিনি একজন কিংবদন্তি। বিষয়টির সমাধান করুন। আমিও মানুষ। তিনি আমার ভাইয়ের মতো।’

ইমরানের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে শাহবাজ শরিফকে চিঠি দেওয়া সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

এদিকে ইমরানের দুই ছেলে সম্প্রতি স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও ইমরানের চিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী—দীর্ঘ ও বর্ণিল জীবনের পর ইমরান এখন কারাগারে। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের সোচ্চার হওয়ার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যৎ।

কালের আলো/এসএ

ডিজনি প্লাসে আসছে পোকেমনের নতুন স্টপ-মোশন সিরিজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ডিজনি প্লাসে আসছে পোকেমনের নতুন স্টপ-মোশন সিরিজ

পোকেমনপ্রেমীদের জন্য সুখবর। ২০২৭ সালে ডিজনি প্লাসে একগুচ্ছ নতুন কনটেন্ট আনতে একসঙ্গে কাজ শুরু করেছে ডিজনি ও দ্য পোকেমন কম্পানি। এই উদ্যোগের অংশ হিসেবে আসছে নতুন স্টপ-মোশন অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিরিজ ‘পোকেমন টেলস: দ্য মিসঅ্যাডভেঞ্চারস অব স্যারফেচ’ড অ্যান্ড পিচু’।

সিরিজটি ডিজনি এক্সডি-তে সম্প্রচারের পাশাপাশি ডিজনি প্লাসেও স্ট্রিম করা হবে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘পোকেমন এক্সপি’ ইভেন্টে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম ট্রেলার।

নতুন এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করছে অস্কারজয়ী আর্ডম্যান অ্যানিমেশনস। ‘চিকেন রান’ ও ‘শন দ্য শিপ’-এর মতো জনপ্রিয় অ্যানিমেশন নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠানটি এবার পোকেমন ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের স্বতন্ত্র স্টপ-মোশন শৈলীতে উপস্থাপন করবে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র স্যারফেচ’ড ও পিচু। ‘পোকেমন সোর্ড অ্যান্ড শিল্ড’-এর গ্যালার অঞ্চলে বিভিন্ন পোকেমনকে বিপদ থেকে রক্ষা করার অভিযানে নামবে তারা।

তবে তাদের এই যাত্রা মোটেও সহজ হবে না। অভিযানের পথে একের পর এক ভুল, বিপত্তি ও নানা ঝামেলার মুখোমুখি হতে হবে দুই চরিত্রকে। এসব ঘটনার মধ্য দিয়েই ধীরে ধীরে আরও দৃঢ় হবে তাদের বন্ধুত্ব।

ডিজনি ও দ্য পোকেমন কম্পানির নতুন এই অংশীদারত্ব শুধু নতুন সিরিজেই সীমাবদ্ধ থাকছে না। পোকেমনের পুরোনো অ্যানিমে ‘পোকেমন দ্য সিরিজ: দ্য বিগিনিং’-এর প্রথম সিজনও এখন ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।

ডিজনি কিডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আয়ো ডেভিসের মতে, পোকেমনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে আর্ডম্যানের স্বতন্ত্র অ্যানিমেশনশৈলীর সংযোগ দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে।

২০২৭ সালে নতুন সিরিজটি মুক্তি পেলে পোকেমনভক্তদের সামনে পরিচিত চরিত্র ও জগতকে সম্পূর্ণ নতুন স্টপ-মোশন আঙ্গিকে দেখার সুযোগ তৈরি হবে।

কালের আলো/এসএ