খুঁজুন
                               
, ,
           

পেন্টাগনে উত্তেজনার মধ্যেই পদত্যাগ মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
পেন্টাগনে উত্তেজনার মধ্যেই পদত্যাগ মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে উত্তেজনা ও মতবিরোধের খবরের মধ্যেই তার পদত্যাগের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ড্রিসকলের পদত্যাগের খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি তা অস্বীকার করেননি।

কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। সামরিক অভিযানে তার নেতৃত্ব, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় সহায়তার কথাও তুলে ধরেন তিনি।

তবে ড্রিসকলের পদত্যাগের পেছনে হেগসেথের সঙ্গে বিরোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ড্রিসকল ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আইন স্কুলের সহপাঠী এবং প্রশাসনে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি গুরুত্বপূর্ণ পদে আসেন বলে জানা যায়।

সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড ড্রিসকলের পদত্যাগের জন্য হেগসেথকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হেগসেথের কর্মকাণ্ড যে দীর্ঘমেয়াদি ক্ষতি করছে, তা স্বীকার করার সময় এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

ইরাক যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা ড্রিসকল ২০২০ সালে কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে উপদেষ্টা হিসেবে কাজ করেন।

ইরান যুদ্ধ সপ্তম মাসে প্রবেশের সময় ড্রিসকলের পদত্যাগ কার্যকর হলে মার্কিন সেনাবাহিনী স্থায়ী বেসামরিক বা সামরিক নেতৃত্ব ছাড়াই পড়তে পারে।

এর আগে গত এপ্রিলে হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছিলেন। ওই পদেও এখনো স্থায়ী উত্তরসূরি নিয়োগ করা হয়নি।

কালের আলো/এসএ

নতুন কমিশনের প্রথম অভিযান

অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদক

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।

দুদক সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও পেয়েছে সংস্থাটি।

অভিযোগ রয়েছে, পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে নানা অজুহাতে গ্রহীতাদের হয়রানি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া এবং টাকা দিলে দ্রুত সেবা দেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনার পর অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে বিষয়টি অনুসন্ধান বা তদন্তের জন্য কমিশনের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হতে পারে।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় রাষ্ট্রপতি টুকুর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, গেজেটের অপেক্ষা: নাসিমুল গনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, গেজেটের অপেক্ষা: নাসিমুল গনি

সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল অনুমোদনের পর এখন গেজেট জারির অপেক্ষা। নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ জারি করবে। এরপর নতুন পে-স্কেলের বিস্তারিত বিষয় স্পষ্ট হবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অনুমোদিত বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভা নতুন বেতনস্কেল অনুমোদন করে।

নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

গেজেট জারি হলে নতুন পে-স্কেলের বেতন কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি