পিরোজপুরে পুরোনো রাস্তায় দেয়াল-বেড়া, অবরুদ্ধ ৪২ পরিবার
পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিনের চলাচলের রাস্তার মাঝখানে ইটের দেয়াল ও টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নারী, শিশু, শিক্ষার্থীসহ প্রায় ৪২টি পরিবারের দুই শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে কেউ দেয়াল টপকে, আবার কেউ টিনের বেড়া পার হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
ঘটনাটি ঘটেছে স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচার্য্যপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সুব্রত আচার্য্য ও সোহাগ আচার্য্য ওই রাস্তার অংশে দেয়াল ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, রাস্তাটি বহু পুরোনো এবং সরকারি খাসজমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা চলাচল করে আসছেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৪০ থেকে ৪২টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। নারী, শিশু ও স্কুলশিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে দেয়াল ও বেড়া পার হতে হচ্ছে।
ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন, ‘এটি আমাদের বহু বছরের চলাচলের রাস্তা। এই পথ দিয়ে প্রায় ২০০ মানুষ নিয়মিত চলাচল করেন। হঠাৎ রাস্তার মাঝখানে ইটের দেয়াল ও টিনের বেড়া দেওয়া হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় বাসিন্দা পলাশ কুমার দাস বলেন, তিনি প্রায় ১৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। ওই রাস্তা ছাড়া স্থানীয়দের চলাচলের বিকল্প কোনো পথ নেই বলেও দাবি করেন তিনি।
বিষয়টির প্রতিকার চেয়ে ১১২ জন স্থানীয় বাসিন্দা গণস্বাক্ষর করে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত জনউপদ্রব বন্ধ করে সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত আচার্য্য ও সোহাগ আচার্য্য। তাদের দাবি, যে জায়গায় বেড়া দেওয়া হয়েছে, সেটি ব্যক্তিমালিকানাধীন জমি। তাদের ভাষ্য, ফিরোজ মিয়া গায়ের জোরে ওই জমির ওপর দিয়ে রাস্তা নিতে চাইছেন। কারও ব্যক্তিগত জমি দিয়ে চলাচলের প্রয়োজন হলে আপসের মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত বলেও তারা জানান।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ঘটনাস্থলে প্রায় চার শতক খাস জমি রয়েছে। তবে রাস্তার জায়গাটি খাস জমির মধ্যে পড়েছে কি না, তা মেপে নিশ্চিত হতে হবে। খাসজমির অংশ যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, তাহলে সেখানে কেউ বেড়া দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করতে পারবেন না।
দীর্ঘদিনের চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করতে জমির সীমানা নির্ধারণ, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং জনসাধারণের চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array