বিস্কিট-ব্রেডের দাম বাড়ছে না, ৭ দিনের মধ্যে প্রতিবেদন
বিস্কিট ও ব্রেডের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় গত শনিবার থেকে বিস্কিট ও ব্রেডের দাম ২০ শতাংশ বাড়ানোর ব্যবসায়ীদের ঘোষণার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় এবং মূল্যবৃদ্ধির কারণ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সভা শেষে ব্যবসায়ী নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি দেন। একই সঙ্গে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বেকারি পণ্যের উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সরকার পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনার পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array