খুঁজুন
                               
, ,
           

জ্বালানি সংকট: দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
জ্বালানি সংকট: দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট সমাধানে নেওয়া উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে বিশেষ বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক তেল সংকটের কারণে জ্বালানি সরবরাহে তৈরি হওয়া সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এলপিজি আমদানি ও দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা কমানো, নতুন গ্যাসকূপ খনন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের মাধ্যমে বিদ্যুৎ সংকট ধীরে ধীরে সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ যুক্ত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

জ্বালানি সাশ্রয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। সর্বস্তরে বিদ্যুতের ব্যবহার কমানো, সরকারি অফিসে এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখা এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হয়।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে আমদানিতে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের প্রাকৃতিক গ্যাসের মজুতও দ্রুত কমছে। এ অবস্থায় নিজস্ব উৎস থেকে কয়লা ও গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্থানীয়দের সম্মতি পাওয়া গেলে ফুলবাড়ীতে কয়লা উত্তোলন শুরু হতে পারে। বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর এলাকায় উত্তোলনকাজ শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তবে ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে স্থানীয়দের আয়-রোজগার, বসতি ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের আন্তর্জাতিক দরপত্রে এ পর্যন্ত ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ হয়েছে। এসব কূপ থেকে দৈনিক ২৮৫ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে।

জ্বালানি সংকটের মধ্যে সৌরবিদ্যুৎকেও অন্যতম বিকল্প হিসেবে দেখছে সরকার। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবন, জাতীয় সংসদ ভবন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয়েছে। বড় শিল্পকারখানাতেও সৌর প্যানেল বসানো হচ্ছে। পাশাপাশি গ্রাহকের বাড়ির সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে চারটি দেশের সঙ্গে বাংলাদেশের আটটি এলএনজি আমদানি চুক্তি রয়েছে। চলতি বছর ১০৩টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে সরবরাহ ব্যাহত হওয়ায় স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

অসময়ের তরমুজে ভাগ্য বদল আতিয়ারের, আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
অসময়ের তরমুজে ভাগ্য বদল আতিয়ারের, আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের

দিনাজপুরের হিলিতে মাচায় অসময়ের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক আতিয়ার রহমান। প্রথমবার ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে ইতোমধ্যে লাখপতি হয়েছেন তিনি। খরচ বাদ দিয়ে আরও ভালো লাভের আশা করছেন এই কৃষক। তার সাফল্য দেখে স্থানীয় অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সরেজমিনে দেখা যায়, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক আতিয়ার রহমান স্থানীয় কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে ৪০ শতাংশ জমিতে মাচায় তরমুজ চাষ করেছেন। উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনীয় ‘বেঙ্গল টাইগার’ জাতের তরমুজ চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে ভালো ফলন এসেছে। তরমুজ পাকতে শুরু করায় ইতোমধ্যে বাজারজাতও করছেন তিনি।

কৃষক আতিয়ার রহমান জানান, বীজ রোপণ থেকে শুরু করে তরমুজ সংগ্রহ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বর্তমানে তিনি প্রতি মণ তরমুজ ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। প্রথম চালানেই ১ লাখ ২৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। জমিতে এখনো অনেক তরমুজ রয়েছে। সব মিলিয়ে বিক্রি দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, ধানের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি। তাই আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় কয়েকজন যুবক জানান, আতিয়ারের তরমুজের জমিতে কাজ করে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। তার সাফল্য দেখে গ্রামের আরও অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, মাচায় তরমুজ চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। অসময়ের ফল হওয়ায় এ চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে। বর্তমানে হিলিতে প্রায় ৩ হেক্টর জমিতে মাচায় তরমুজ চাষ হয়েছে। লাভজনক হওয়ায় আগামীতে এ আবাদ আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস, বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে কয়েক ধাপে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে বর্ষার শেষ পর্যায়ের এই বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শিশুদের উষ্ণ অভ্যর্থনায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
শিশুদের উষ্ণ অভ্যর্থনায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেয়।

পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী অন্যান্য অতিথির সঙ্গে অনুষ্ঠানে আসন গ্রহণ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সুবর্ণজয়ন্তীর বিশেষ আয়োজনে শিশুদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ‘শৈশব’ শীর্ষক একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন।

কর্মসূচি অনুযায়ী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত আধুনিক সোলার প্যানেল ও সাব-স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি