খুঁজুন
                               
, ,
           

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে স্ত্রীর মৃত্যু

বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে স্ত্রীর মৃত্যু

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে ঝুমুর খানম সেতু (২৭) নামে এক সন্তানের জননীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (ঝুমুর) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

মৃত ঝুমুর খানম সেতু বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে কুয়েত প্রবাসী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী।

আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে ঝুমুরের সাথে প্রায় সাড়ে পাঁচবছর পূর্বে সামাজিকভাবে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুরকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল পাঁচটার দিকে ঝুমুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এর পূর্বে রোববার দিবাগত রাত এগারোটার দিকে ওই গৃহবধূ বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার বেলা এগারোটার দিকে হাসপাতালের চিকিৎসকেরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ওই গৃহবধূর স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঝুমুরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

ঝুমুরের বাবা করিম খান জানিয়েছেন, বিয়ের পর থেকে মেয়ে জামাতা, তার মা, বোন ও বোন জামাতা কারণে অকারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে। এরই মধ্যে ঝুমুরের স্বামী কর্মের সুবাদে কুয়েত গমন করে।

পরবর্তীতে তার (শাহারিয়া) মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের জামাতা সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় শাহারিয়া। একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে ঝুমুরকে তার মেয়েসহ তাড়িয়ে দেওয়া হয়। সেই থেকে ঝুমুর তার কন্যাকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন।

করিম খান আরও জানিয়েছেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ বরযাত্রীকে না আনাসহ ঝুমুর দেখতে সুন্দরী না হওয়ার অজুহাত তুলে দীর্ঘদিন থেকে শাহারিয়া ও তার পরিবারের সদস্যরা ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন (৪ অক্টোবর) দিবাগত রাতে শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে (ঝুমুর) বিষপান করে মরে যাওয়ার কথা বলে। স্বামীর এ মানসিক নির্যাতন সইতে না পেরে পরিবারের সবার অজান্তে ঝুমুর স্বামীকে ভিডিও ফোনে রেখে বিষপান করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত কয়েক মাস পূর্বে ঝুমুর খানম সেতুর ২০ বছরের একমাত্র ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছেলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঝুমুর খানম সেতুর অস্বাভাবিক মৃত্যুতে পুরো পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এম/এএইচ

পল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, প্রাণ গেল মেকানিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
পল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, প্রাণ গেল মেকানিকের

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। একই দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামের একটি দোকানে এসি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জীবন বর্মন গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে। তার ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। একপর্যায়ে এসির কম্প্রেসার বা সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

অন্যদিকে, মঙ্গলবার সকালে ও দুপুরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর এবং নারীর বয়স প্রায় ৫৫ বছর।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে ওয়েটিং রুমের পাশ থেকে প্রথমে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে একই স্থানের পাশ থেকে ওই নারীর মরদেহ পাওয়া যায়। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পল্টনে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু এবং ঢামেক হাসপাতালে পৃথক সময়ে দুই অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সংকট সমাধানে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার থাকার কথা জানিয়েছে দেশটির সংসদীয় প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

এপিপিজি চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। এতে এমপি শওকত আদম ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক সংহতি ও সংস্কার, বাণিজ্য-বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে চলা এ সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিষয়ও যুক্ত হয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা জানিয়েছে। পাশাপাশি সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার এবং যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার আশ্বাস দিয়েছে তারা।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও যাচ্ছেন তারেক রহমান

কালের আলো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে টোকিও যাচ্ছেন তারেক রহমান

দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে অবস্থান করবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর এ সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

সফরকে কেন্দ্র করে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় প্রস্তুত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কালের আলো/এএইচ/এমএসআইপি