দলীয় মনোনয়নের চেয়ে জনগণের আস্থা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃক্ততা রয়েছে, তিনিই নির্বাচিত হবেন। তাই শুধু দলীয় মনোনয়ন পাওয়ার ভিত্তিতে নির্বাচনে জয়ের আশা না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বুধবার (২১ অক্টোবর) বাংলানিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে যে ধরনের কারচুপির ঘটনা ঘটেছে, ভবিষ্যতে সে ধরনের নির্বাচন আর হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
বৈঠকে উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এম মামুন মিয়া জানান, প্রধানমন্ত্রী সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী বাছাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মাদক নির্মূলেও দলীয় নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে কাজ করলে মাদকের বিস্তার অর্ধেক কমানো সম্ভব। বাকি অর্ধেক নির্মূলে প্রশাসন কাজ করবে। তবে শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে এ ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। বৈঠকে উপস্থিত অপর এক নেতার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট ও যারা ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে, তারা অতীতেও বিভিন্ন কারণে এক হয়েছিল এবং আবারও এক হওয়ার পরিকল্পনা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠক হওয়ায় এতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল না। পরে বৈঠকে আলোচিত বিষয়গুলো জানতে উপস্থিত নেতাদের সঙ্গে যোগাযোগ করে বাংলানিউজ।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি



আপনার মতামত লিখুন
[gs-fb-comments]