খুঁজুন
                               
, ,
           

ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছালো

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে তদন্ত শেষে ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

কালের আলো/এসআর/এএএন

বঙ্গোপসাগর নিয়ে জাপানের সঙ্গে কোনো কথা হয়নি

কুটনৈতিক প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
বঙ্গোপসাগর নিয়ে জাপানের সঙ্গে কোনো কথা হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বঙ্গোপসাগরের রুট কিংবা বিকল্প নিরাপদ সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নির্দিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। এসব বিষয়ে অন্য রাষ্ট্রের সম্পৃক্ততা প্রয়োজন হলে আলাদাভাবে আলোচনা করতে হবে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে রোহিঙ্গা সংকটের বিষয়টি আলোচনায় এসেছে। এ সংকট সমাধানে জাপানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও নীতিগত ইস্যু। এ কারণে বহুপক্ষীয়সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে সরকার। হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ ও জাপার উভয়েরই আগ্রহ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের ভূমিকা রাখার সুযোগ আছে। তবে সংকটের সমাধানে মিয়ানমারকেও এগিয়ে আসতে হবে।

৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি
জাপানের সঙ্গে আগামী পাঁচ বছরে ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু সহজ শর্তের ঋণের ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং বিনিয়োগ ও ব্যবসাভিত্তিক পারস্পরিক অংশীদারত্ব গড়ে তোলার দিকে এগোচ্ছে।

তার ভাষ্য, বাংলাদেশ সমমর্যাদার অর্থনৈতিক অংশীদারত্ব চায়, যেখানে কোনো পক্ষ অধস্তন থাকবে না; বরং উভয় দেশ যৌথভাবে কাজ করবে। জাপানের ঋণের সুদের হার বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে সাশ্রয়ী ও লাভজনক অর্থায়ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় যেসব বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করবে, সেগুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নের সুযোগের সঙ্গেও তুলনা করা হবে।

বিকল্প সমুদ্রপথ নিয়ে আলোচনার খবর নাকচ
জাপানের সঙ্গে বিকল্প নিরাপদ সমুদ্রপথ এবং ‘সি-ওপেন ইনিশিয়েটিভ ৩.০’ নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বঙ্গোপসাগরের রুট কিংবা সমুদ্রপথ নিয়ে দুই দেশের আলোচনায় কোনো বিষয় ছিল না। তিনি বলেন, দ্বিপক্ষীয় নির্দিষ্ট বিষয়গুলোর বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা করা হয়নি। এসব বিষয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট অন্য রাষ্ট্রগুলোক

কালের আলো/এএএন/এমএসআইপি

পার্কিং নিয়ে বিরোধ, প্রকাশ্যে গুলি করে তিন খুন

আন্তর্জাতিক ডেস্ক,কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
পার্কিং নিয়ে বিরোধ, প্রকাশ্যে গুলি করে তিন খুন

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নতুন একটি ভিডিও সামনে এসেছে। এতে দেখা গেছে, প্রকাশ্য রাস্তায় মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচবার গুলি ছোড়েন অভিযুক্ত ব্যক্তি। প্রথমে দুই রাউন্ড গুলি করার পর পিস্তলে আবার গুলি ভরে আরও তিনবার গুলি করেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত ভিডিওটির বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভিডিওতে ২২ সেকেন্ডের হামলার দৃশ্য
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম শুক্লা। ভিডিওতে গুলি চালানোর পর তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওরা আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি করেছি।’ পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত পিস্তল এবং চারটি খালি কার্তুজ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পার্কিং নিয়ে বিরোধ থেকে প্রাণঘাতী হামলা
গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্ণৌর সাদাতগঞ্জ এলাকায় একটি খালি জায়গায় গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ৩০ বছর বয়সী শুক্লা গুলি চালান বলে পুলিশের অভিযোগ। এতে তিওয়ারি পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হন। তারা হলেন শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) ও সুয়াশ তিওয়ারি (৩০)। পরে তাদের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শুক্লা একসময় বাণিজ্যিক জাহাজে নেভিগেশন কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

হত্যা ও দাঙ্গার অভিযোগে মামলা
নিহত শিবেন্দ্র তিওয়ারির স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সাদাতগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার চৌরাসিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লক্ষ্ণৌ পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ কমিশনার তরুণ গৌবা এ ব্যবস্থা নিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের একজন লক্ষ্ণৌতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জেলা পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিজেপি ও আরএসএস-সংশ্লিষ্ট নেতারা। পরে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্বজনেরা।

সূত্র এনডিটিভি ও পিটিআই,

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নির্ধারণ করবে চার সদস্যের এই কমিটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ এ ত্রুটি দেখা দেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন সেলের পরিচালক মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চার সদস্যের তদন্ত কমিটি গঠন
অফিস আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে চিফ (প্রশাসন ও সিভিল) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এ ছাড়া ব্যবস্থাপক (আইনবিষয়ক) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। তদন্তের প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

ত্রুটির কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখবে কমিটি
তদন্ত কমিটিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-৩৭৭-এর উড্ডয়নের আগে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রুটি শনাক্তকরণ ও নিরসনে কী ধরনের কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি। ভবিষ্যতে ডেডিকেটেড এয়ারক্রাফটের উন্নয়ন ও উপযোগিতা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটিও তদন্তের আওতায় থাকবে।

ফ্লাইট বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের প্রভাব পর্যালোচনা
ঘটনার কারণে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয় এবং যাত্রীদের ভোগান্তির বিষয়গুলোও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। একই সঙ্গে এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করা হবে।

চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশও তৈরি করবে কমিটি। অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি