খুঁজুন
                               
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩
           

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মতো না। অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।

তিনি আরো বলেন, বাকস্বাধীনতা, আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে। তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের ধন্যবাদ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

Oplus_131072

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এই সভা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন।

নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেন তিনি।

এছাড়া সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। দ্রুত এ কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।

কালের আলো/এসএকে

রাজশাহীতে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
রাজশাহীতে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১

রাজশাহীর দুর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহফুজ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামসংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজ আহম্মেদ দুর্গাপুর উপজেলার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের বাসিন্দা।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে দুপুর সোয়া ১টার দিকে বাড়ির নিচতলার গ্যারেজে রাখা ব্যক্তিগত গাড়ির ভেতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা লাগিয়ে দ্বিতীয় তলায় যান।

সে সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল। পরে দুপুর পৌনে ৩টার দিকে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকাগুলো নেই। একই সঙ্গে গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা দেখতে পান তিনি।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার মাহফুজ আহম্মেদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালের আলো/এসআইপি

 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ 

প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করা হবে। দ্রুত এ কার্যক্রম শুরু হবে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এই সভা হয়।

বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।’

সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন।’

নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেন তিনি।

এছাড়া সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করা স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।

কালের আলো/আরডি/এমডিএইচ