খুঁজুন
                               
রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

জুলাই শহীদ নিয়ে প্রশ্ন, দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
জুলাই শহীদ নিয়ে প্রশ্ন, দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে সংসদে প্রশ্ন ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কথা বলার সময় সবারই সংযত ও দায়িত্বশীল থাকা উচিত।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব হাসানের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নৌ প্রতিমন্ত্রী জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধী দলীয় নেতার দেওয়া তথ্যের সমালোচনা করেন।

তিনি বলেন, সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১,৪০০ জন শহীদের কথা বলা হয়েছে। সে প্রেক্ষাপটে গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা কীভাবে ১,২০০ শহীদের বাড়িতে যাওয়ার দাবি করেছেন। এ ধরনের বক্তব্যকে তিনি ইতিহাস বিকৃতির অপচেষ্টা বলে মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পর পাল্টা বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ সদস্য আমাকে কোট করে একটি কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে?

শফিকুর রহমান বলেন, ‘উনাকে (নৌ প্রতিমন্ত্রী) এখানে আমি এখন দেখছি না। উনি থাকলে উনাকে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে ১০০০ এর ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাহলে এ হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।’

তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একজন সংসদ সদস্য তার বক্তব্য উদ্ধৃত করে প্রশ্ন তুলেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী উপস্থিত থাকলে সরাসরি বিষয়টি ব্যাখ্যা করতে পারতেন বলে জানান জামায়াত আমির।

বিরোধী দলীয় নেতা দাবি করেন, তিনি কোনো অনির্ভরযোগ্য বা যাচাই-বাছাই ছাড়া তথ্য দেননি। শহীদদের বিষয়ে তাদের কাছে পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার রয়েছে এবং তা যাচাই ও ক্রস-চেক করার পরই তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তথ্য তাদের নিজস্ব প্রোফাইল ও ওয়েবসাইটেও সংরক্ষিত রয়েছে।

ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক একটি সংস্থার তথ্যও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক মানবাধিকার অনুসন্ধান কমিটি শহীদের সংখ্যা ১,৪৫১ বলে উল্লেখ করেছে। তিনি বলেন, বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা উঠে আসছে, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সফরে গেলে অনেক মানুষ নিখোঁজ স্বজনদের খোঁজ জানতে চান। তার ভাষায়, এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ নিহত বা গুম হয়েছেন, কিন্তু তাদের সঠিক হিসাব এখনও সামনে আসেনি। বিশেষ করে ইন্টারনেট বন্ধের সময় সংঘটিত ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তথ্য এখনও অজানা বলে মন্তব্য করেন তিনি।

শেষে বিরোধী দলীয় নেতা বলেন, শহীদদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সবারই আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্য যেন বিভ্রান্তি তৈরি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কালের আলো /এসাআর /এএএন 

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। হামলার শিকার হওয়াদের মধ্যে টাইমস অফ বাংলাদেশ স্টাফ রির্পোটার কাজী জাহিদ, দীপ্ত টিভির ক্যামেরাপারসন আহত, বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

আবারও মনুষ্যত্ববোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত তথ‍্য প্রতিমন্ত্রীর 

বিশেষ সংবাদদাতা/ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
আবারও মনুষ্যত্ববোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত তথ‍্য প্রতিমন্ত্রীর 

তিনি সরকারের প্রতিমন্ত্রী। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন ছকে বাঁধা নয় মোটেও। সবার উর্ধ্বে দায়িত্ব ও মানবিকতাকে স্থান দিয়ে মন্ত্রীত্বের পুরাতন সব রীতি ভেঙে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সব সময় নিজ নির্বাচনী এলাকার ‘মাটির মানুষ’ হিসেবে মানুষের কাছাকাছি তিনি। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এই সংসদ সদস্য এলাকার সাধারণ মানুষের শেষ বিদায়ে অংশগ্রহণের পাশাপাশি নিজের কাঁধেই তিনি লাশ বহন করেছেন। দাফন কাজে নিজের সক্রিয় উপস্থিতির পাশাপাশি কবরে শায়িত করতে নেমে গেছেন। প্রকৃত মনুষ্যত্ববোধের পরিচয় দিচ্ছেন।

চলতি বছরের ২৭ মার্চ থেকে ২৯ মে। দেখতে দেখতে কেটে গেছে দু’মাস। এ সময়ে নিজ কাঁধে খাটিয়া বহন করে দুটি মরদেহ দাফন কাজে অংশ নিয়ে অনন্য মানবিক নজির স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রথমটি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে ২৭ মার্চ। অন্যটি গত ২৯ মে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায়। প্রটোকলের চিরায়ত প্রথা ভেঙেছেন।

শুক্রবার (২৯ মে) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় মরহুম আব্দুল হামিদের জানাজায় অংশ নেন প্রতিমন্ত্রী। জানাজা শেষে মরহুমের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় তিনি নিজ কাঁধে খাটিয়া তুলে নেন এবং অন্যদের সঙ্গে মরদেহ বহন করেন। কোনো দ্বিধা বা সংকোচ না করে নিজেই কবরে নেমে পড়েন। মরদেহ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে সরাসরি শরিক হন। এ সময় প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃতের স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিমন্ত্রীর এই মানবিকতা ও উদারতা অপার বিস্ময়ে উপভোগ করলেন। মুহুর্তেই সেই ছবি ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যাণ্ডেলে। নেটিজেনরা সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন অনন্য মানবিকবোধ নিয়ে মেতে উঠলেন প্রশংসায়। কেউ কেউ বলছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মতোই তার এই প্রতিমন্ত্রীও অতি সাধারণ। যোগ্য ব্যক্তিই ক্যাবিনেটে স্থান পেয়েছে।’

সরকারের একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে সবাই অভিভূত। অতীতে কোন মন্ত্রী প্রতিমন্ত্রীকে এভাবে দেখেনি মানুষ। জনতার নেতা হিসেবে সাধারণ মানুষের প্রতি তার এই শ্রদ্ধা-ভালোবাসা নান্দাইলবাসীর কাছে এক বিমুগ্ধ বিস্ময়।

স্থানীয়রা বলছেন, এখনও অনেক রাজনীতিকের ভেতরে দয়া-মায়া, ভালোবাসা ও সহমর্মিতা আছে। মনুষ্যত্ববোধ যে টিকে আছে তার বড় এক উদাহরণ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এই মানবিকবোধ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

কালের আলো/এমএএএমকে

স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে খেলতে নেমে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটিশরা।

এডিনবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিং জুটিতে আসে ১৬ রান। ১৩ বলে ১২ রান করে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার দিলারা আক্তার আউট হওয়ার আগে করেন ১১ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ২২ রান করে করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণ আক্তার। ২ রান করেন রাবেয়া খান।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি স্কটিশরা। দলনেতা ক্যাথরিন ব্রাইসের ফিফটিতে সহজ জয় পেয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন ক্যাথরিন। ২৮ রান করেন ওপেনার ক্যাথেরিন ফ্রেশার। এছাড়া ডার্সি কার্টার ও সারাহ ব্রাইস ২৩ রান করে করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি