খুঁজুন
                               
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের

Oplus_131072

পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় ভারতীয় সেনাপ্রধান ইসলামাবাদের উদ্দেশে এই কড়া বার্তা দেন। খবর এনডিটিভির।

উক্ত অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী তার কেমন জবাব দেবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন-পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন করে দেবে।

ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময়ে এল, যার মাত্র কয়েক দিন আগেই দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পাহালগামে একটি ভয়াবহ ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গিরা। সেই হামলার প্রতিশোধ নিতে এবং সন্ত্রাসবাদের সমূলে উৎপাটন করতে গত বছরের ৭ মে ভোরে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত একাধিক সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে একযোগে নিখুঁত বিমান ও সামরিক হামলা চালায়, যা সামরিক ইতিহাসে ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত।

ভারতের সেই আকস্মিক হামলার পর পাকিস্তানও পাল্টা সামরিক আক্রমণ চালানোর চেষ্টা করেছিল এবং তার জবাবে ভারতের পরবর্তী সমস্ত প্রতিরোধমূলক সামরিক অভিযানগুলোও এই অপারেশন সিন্দুরের অধীনেই পরিচালিত হয়েছিল। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশ যুদ্ধ টানা ৮৮ ঘণ্টা ধরে চলেছিল, যা সমগ্র দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করে। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে তীব্র আলোচনার পর ১০ মে সন্ধ্যায় একটি গোপন ও পারস্পরিক যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

কালের আলো/এসএকে

চিকিৎসকের ওপর হামলাকারী কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
চিকিৎসকের ওপর হামলাকারী কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীয়তপুরের ঘটনায় আহত চিকিৎসাধীন ডা. নাসিরকে দেখতে গিয়ে মন্ত্রী এসব জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীতে অনেক চিকিৎসককে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, মেডিকেল এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে সব সন্ত্রাসীকে চিহ্নিত করা হচ্ছে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে লুটপাট ঠেকাতে সজাগ আছে সরকার। মেডিকেল বিষয়ে কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না। তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তায় দেশের প্রতিটি হাসপাতালে ১০ জন সশস্ত্র কর্মী এবং একজন পেট্রন কমান্ডার নিয়োগ করা হচ্ছে।

হাম ও নিউমোনিয়া পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

শিগগিরই একটি শান্তিচুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। যদিও সাম্প্রতিক চীন সফরে ইরান ইস্যুতে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিতে পারেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও (ইরানের) স্বার্থ রয়েছে।’

এদিকে নয়াদিল্লিতে ব্রিকস বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত। তবে পরস্পরবিরোধী বার্তা ও অতীত হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান।

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত মাসের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই নতুন অভিযান চালানোর মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, সম্ভাব্য অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

কর্মকর্তাদের মতে, যদিও এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। কারণ অভিযানের এলাকায় একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হাজার হাজার সেনা মোতায়েন করতে হবে এবং ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে হবে।

চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র বলছে, ইরানি বন্দর অবরোধের মধ্যে অন্তত ৭৮টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে হয়েছে। অন্যদিকে, প্রণালি ব্যবহারে ফি আরোপ ও নিজস্ব তদারকির ইঙ্গিত দিয়েছে ইরান। এতে তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ক্রমান্বয়ে অনিশ্চয়তা বাড়ছে।

এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তেহরান সফর করে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংলাপের বিষয়ে আলোচনা করেছেন। ইসলামাবাদ এখনও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, আর ইরানে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও নতুন সমঝোতায় পৌঁছানো এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস (ডব্লিউটিআইএসডি) আজ (১৭ মে)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে একটি মেলার আয়োজন করা হয়েছে।এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল লাইফলাইন : একটি সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালী করা’, যেখানে বিভিন্ন দেশ সংযুক্ত বিশ্বের সবার জন্য সংযোগ, সেবার ধারাবাহিকতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থিতিস্থাপক ডিজিটাল ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে দিনটি পালন করবে।

এ বছরের মূল বার্তা হলো ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যেকোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়।

দিবসটি উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেবেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী। দিবসটি উপলক্ষ্যে একই স্থানে একটি টেলিযোগাযোগ মেলাও আয়োজন করা হবে।১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠার স্মরণে ডব্লিউটিআইএসডি প্রতিবছর ১৭ মে দিবসটি উদযাপন করে।

কালের আলো/এসআইপি