সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালটা হয়ে উঠল বাংলাদেশের জন্য দারুণ প্রত্যাবর্তনের। প্রথম দিন শেষে কিছুটা চাপে থাকা স্বাগতিকরা দিনের প্রথম সেশনেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে।
প্রথম দিনে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় দিনের সকালে মাঠে নামার পরপরই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় সফরকারীরা।
দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন। আব্দুল্লাহ ফজল মাত্র ৯ রান করে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন। একটু পর আজান আওয়াইসও ১৩ রানে ফিরে যান তাসকিনের বলে। দলীয় ২৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
ধাক্কা সামাল দিতে অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন বাবর আজম। দুজনে মিলে ৩৮ রানের জুটি গড়েন। কিন্তু মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারেই সাফল্য পান। শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের অসাধারণ ক্যাচে শান মাসুদ ২১ রানে ফিরে যান।
এরপর আরেকটি ধাক্কা। মিরাজের পরের আঘাতে সৌদ শাকিল মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। এভাবে প্রথম সেশনের ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রানে লাঞ্চে যায় পাকিস্তান। তারা এখন বাংলাদেশের চেয়ে ১৮২ রান পিছিয়ে।
ক্রিজে অবশ্য অভিজ্ঞ বাবর আজম ৩৭ রানে অটল আছেন। তার সঙ্গে সালমান আঘা ৬ রান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাসকিন ও মিরাজ দুজনই দুটি করে উইকেট নিয়ে দিনের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array