খুঁজুন
                               
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ়, ১৪৩৩
           

ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল

 

ঈদুল আজহার দীর্ঘ সাত দিনের ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঈদের ছুটিতে ফাঁকা থাকা সড়কগুলোতে আবারও দেখা যাচ্ছে কর্মব্যস্ত নগরজীবনের পরিচিত চিত্র।

গত (রোববার) ৩১ মে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেলেও সোমবার পর্যন্ত রাজধানীর সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বেড়ে যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে এবং কিছু এলাকায় ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে সড়কে অফিসগামী মানুষ ও কর্মজীবীদের উপস্থিতিও বেড়েছে।

উত্তরা থেকে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও গণপরিবহনের চাপ ছিল উল্লেখযোগ্য। খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় অফিসগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে ইসিবি চত্বর ও মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

গণপরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে যাত্রীসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এখনও তা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি।

একটি বাসের সহকারী রাসেল মিয়া বলেন, অনেক মানুষ এখনও ঢাকায় ফিরছেন। গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে।

আরেক সহকারী সুমন বলেন, সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ বেশি। দুপুরের পর পরিস্থিতি আরও ব্যস্ত হতে পারে।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূরপাল্লার বাসে করে কর্মজীবী মানুষদের ঢাকায় ফিরতে দেখা যায়।

কিশোরগঞ্জ থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদের সময়টা ভালো কেটেছে। এখন কর্মস্থলে ফিরতে হচ্ছে। যাত্রা স্বস্তিদায়ক হলেও ভাড়া কিছুটা বেশি ছিল।

কাপাসিয়া থেকে আসা শারমিন আক্তার জানান, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছেন। বাসে ভিড় কম থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া দিতে হয়েছে।

ময়মনসিংহ থেকে আসা সাইদুল ইসলাম বলেন, যাত্রাপথে বড় কোনো যানজটের মুখোমুখি হতে হয়নি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা এখনও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং ঈদ-পরবর্তী কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

নিয়াজ মেহেদী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগরীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরের ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সক্রিয় থাকবে। সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে। এছাড়া ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

 

এদিকে জুন মাসের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্ত ঘটনায় ১২১ জন, দস্যুতার ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ডিএমপির থানা, ডিবি ও সিটিটিসির অভিযানে জুন মাসে এখন পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রাজশাহীতে তায়কোয়ানদো দোজাং এর ২৬ তম বেল্ট বিতরণী অনুষ্ঠিত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
রাজশাহীতে তায়কোয়ানদো দোজাং এর ২৬ তম বেল্ট বিতরণী অনুষ্ঠিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘তায়কোয়ানদো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান ২০২৬’। রোববার (২১ জুন) বিকেলে নগরীর উপশহরস্থ শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত  অনুষ্ঠানে শতাধিক তায়কোয়ানডো প্রশিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সভাপতি মোঃ শরফুজ্জামান শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু। তিনি বলেন, তায়কোয়ানডোর মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ও আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে তায়কোয়ানডো প্রশিক্ষনাথী, অভিভাবকবৃন্দ, রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর নেতৃবৃন্দ।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

মা হচ্ছেন সামান্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
মা হচ্ছেন সামান্থা

গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে চলেছেন সামান্থা। সামান্থা বা রাজের কেউই খবরটি আনুষ্ঠানিকভাবে না জানালেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি সামান্থার নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। উদ্‌যাপনের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামান্থাকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্ত।

সামান্থা–রাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।

সম্প্রতি সামান্থার নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কোলাজ

বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও আবার ভাইরাল হয়। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে সামান্থাকে লজ্জা পেতে দেখা যায়। বার্তায় রাজ তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও তামিল-তেলুগু দুই ইন্ডাস্ট্রিতে সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন।

সম্প্রতি দুজন আবারও একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালের ‘ওহ! বেবি’ ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দেখা গিয়েছিল। ছবিটির প্রযোজক রাজ।
সামান্থা আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।

এনডিটিভি অবলম্বনে

কালের আলো/ডিএইচ/এমএসআইপি