খুঁজুন
                               
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩
           

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

দেশের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কনটেন্ট নির্মাতা ও চিত্ত মিডিয়ার প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে এক দীর্ঘ সৌজন্য সাক্ষাতে তিনি জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের যে আলোচনা বা শঙ্কা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। বরং যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছেন, তাদের জন্য রাষ্ট্রের আরও সহায়ক ভূমিকা থাকা উচিত বলেও মত দিয়েছেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকালে এমন কথা জানিয়েছেন জুয়েল রানা। তিনি বলেন, পুরো সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। সেখানে রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, মানবিকতা এবং তরুণদের সম্ভাবনা নিয়ে আলোচনা। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে একজন সাধারণ নাগরিক হিসেবেই আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে জুয়েল রানার কনটেন্ট দেখে আসছেন। বিশেষ করে গ্রামবাংলার প্রকৃতি, নদী, মাঠ, মেঠোপথ, কৃষিজীবন এবং মানুষের সহজ-সরল জীবনযাপনকে তুলে ধরার বিষয়টি তার ভালো লাগে।

জুয়েল রানা জানান, প্রধানমন্ত্রী তাকে বলেন, ইংল্যান্ডে অবস্থানকালে তিনি প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছেন এবং এখনো প্রকৃতির প্রতি তার আলাদা টান রয়েছে। ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেও সময় পেলেই তিনি প্রকৃতিনির্ভর বিভিন্ন কনটেন্ট দেখেন। গ্রামবাংলার সৌন্দর্য, ঋতু পরিবর্তনের দৃশ্য, মানুষের জীবনসংগ্রাম এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে যেভাবে উপস্থাপন করা হয়, তা তাকে আকৃষ্ট করে। শুধু দৃশ্য নয়, কনটেন্টে সাহিত্য, কবিতা বা বিভিন্ন উদ্ধৃতির ব্যবহারও তার কাছে ভালো লাগে।

আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী জুয়েল রানার কাছে জানতে চান, রাষ্ট্রের জন্য তার কোনো পরামর্শ আছে কি না। জবাবে জুয়েল রানা বলেন, দেশের মানুষের মধ্যে আত্মিক ও মানবিক পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো দুর্ঘটনা বা বিপদে মানুষ সাহায্যের হাত বাড়ানোর আগে মোবাইল ফোন বের করে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত প্রথম কাজ। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশু যদি লিচু গাছ থেকে কয়েকটি লিচু পাড়ে, তাহলে তাকে মারধর করার পরিবর্তে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত। একইভাবে প্রাণী, প্রকৃতি ও মানুষের প্রতি সহমর্মিতা বাড়াতে হবে। রাষ্ট্র তখনই এগিয়ে যাবে, যখন মানুষের মন ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সময়ের কিছু ঘটনা আমাকে ব্যথিত করে। কোনো অসহায় মানুষ যখন কষ্টে থাকে, তখন অনেকেই তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সহানুভূতির জায়গা থেকে এগিয়ে আসেন না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাই আমি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। তার মতে, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মনন, মূল্যবোধ ও দায়িত্ববোধের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।

তবে পুরো সাক্ষাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর প্রস্তাবিত সাড়ে সাত শতাংশ ভ্যাটের বিষয়টি। জুয়েল রানা জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জানতে চান, এ বিষয়ে যে আলোচনা চলছে তা কতটুকু সত্য। কারণ দেশের হাজার হাজার তরুণ বর্তমানে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ এবং বিভিন্ন অনলাইনভিত্তিক পেশার মাধ্যমে আয় করছেন। অনেকেই বিদেশি প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের সঙ্গে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন। এমন একটি খাতে অতিরিক্ত কর বা ভ্যাট আরোপ করা হলে তরুণদের মধ্যে হতাশা তৈরি হতে পারে।

জুয়েল রানা বলেন, বিষয়টি উত্থাপনের পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের ডাকেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে তরুণদের কর্মসংস্থানের অন্যতম বড় ক্ষেত্র এখন ডিজিটাল অর্থনীতি। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা শুধু নিজেদের জীবিকা নির্বাহ করছেন না, তারা দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন। যারা বিদেশ থেকে আয় এনে দেশের ভেতরে ব্যয় করছেন, তাদের নিরুৎসাহিত করার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে বলেছেন, আপনারা নিশ্চিন্তে কাজ করুন। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের সম্পদ। তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাদের জন্য অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে এ ধরনের কোনো পদক্ষেপ বাস্তবায়নের সুযোগ নেই।

আলোচনায় জুয়েল রানা আরও উল্লেখ করেন, ফ্রিল্যান্সাররা কোনোভাবেই দেশের অর্থ পাচার করছেন না; বরং উল্টো বিদেশ থেকে আয় এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। এ বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি একমত পোষণ করেন এবং বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চায়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী জুয়েল রানাকে তার বর্তমান কাজ চালিয়ে যাওয়ারও অনুরোধ করেন। তিনি বলেন, প্রকৃতি, গ্রামবাংলা এবং মানুষের জীবনকে তুলে ধরার কাজ কখনো বন্ধ করা উচিত নয়। কারণ এসব কনটেন্ট মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং দেশের প্রকৃত সৌন্দর্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে। পাশাপাশি শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে কনটেন্টকে আরও সমৃদ্ধ করার পরামর্শও দেন তিনি।

জুয়েল রানা জানান, আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, তিনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের কাছে কী চান। জবাবে তিনি বলেন, রাষ্ট্রের সব নাগরিকের জন্য যা ভালো হবে, সেটিই তার জন্য যথেষ্ট। তিনি কোনো ব্যক্তিগত সুবিধা চান না। দেশের সব মানুষ ভালো থাকলে তিনিও ভালো থাকবেন। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের সম্পদ রক্ষা করা, মানুষকে বিভ্রান্ত না করা এবং দায়িত্বশীল আচরণ করাই তার লক্ষ্য।

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য প্রধানমন্ত্রীর এই বার্তা দেশের ডিজিটাল অর্থনীতিতে যুক্ত তরুণদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করবে বলে তিনি মনে করেন তিনি।

কালের আলো/এসআর/এএএন

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে

শুক্রবার স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের পথে রওনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম শনিবার গভীর রাতে জানিয়েছে, দেশটির আলোচক দল সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছে গেছে।

অন্যদিকে ওয়াশিংটনে জেডি ভ্যান্সের প্রেস সচিব জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টও শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভ্যান্স জানিয়েছেন তিনি সেখানে মাত্র একদিন বা দুইদিন থাকতে পারবেন।

তবে তিনি লেবানন যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতির আশা প্রকাশ করেছেন। রোববারের এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যেখানে লেবাননসহ ‘সব ফ্রন্টে সামরিক অভিযান’ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে এবং উভয়পক্ষের সম্মতিতে এই সময় বাড়ানো যেতে পারে।

তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনার টেবিলে আসাটাই কঠিন প্রমাণিত হয়েছে। শুক্রবারের নির্ধারিত আলোচনাটি ইরান তাদের প্রতিনিধি দল না পাঠানোর কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, কারণ তখন লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত ছিল।

শুক্রবার ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননে তাদের হামলা শনিবার পর্যন্ত চলেছে। লেবাননের সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু শুক্রবারই ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছে।

এদিকে পাকিস্তানের সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং কাতারি মধ্যস্থতাকারীরা রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দেবেন।

আল-জাজিরা জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মিশরে আলোচনা চালিয়ে যাচ্ছেন ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী কাজ না করা পর্যন্ত অগ্রগতির সম্ভাবনা কম।

ইরানের আইআরআইবিতে সম্প্রচারিত মন্তব্যে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অতীতের ‘প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা’ বিবেচনা করে ইরানকে অবশ্যই ‘দায়িত্ব পালনের দাবিতে খুব দৃঢ় ও কঠোর হতে হবে’।

সূত্র: আল জাজিরা
কালের আলো/এসআর/এএএন

দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু মুন্সিগঞ্জে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু মুন্সিগঞ্জে

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তর জানায়, ক্যাশলেস কারা ব্যবস্থাপনায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। একইসঙ্গে RFID ব্যবস্থার মাধ্যমে বন্দি ওয়ার্ডে বন্দিদের গণনা নিশ্চিত করা হচ্ছে।

এ ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজন কর্তৃক প্রদান করা অর্থ ভার্চুয়াল পদ্ধতিতে বন্দির হিসাবে জমা হবে। পরে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ওই অর্থ ব্যবহার করতে পারবেন বন্দিরা।

কারা অধিদপ্তর আরও জানায়, নতুন এ ব্যবস্থার ফলে কারাগারে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন হচ্ছে না। এতে বন্দিদের অবস্থান সহজে নিশ্চিত করার পাশাপাশি লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়ন সম্ভব হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এ কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করল ‘ককটেল ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করল ‘ককটেল ২’

বক্স অফিসে ঝড় তুলেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে। ‘টয় স্টোরি ৫’ এবং সামান্থা রুথ প্রভুর ‘মা ইনটি বাঙ্গারাম’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পায় সিনেমাটি। তবে সিনেমা দুইটিকে পাশ কাটিয়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করেছে ‘ককটেল ২’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে ভারতে ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিনে সিনেমাটি ব্যবসা করেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি। দুই দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৫ লাখ রুপি (গ্রস হিসেবে ৩৫ কোটি ৭০ লাখ রুপি)।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েও সিনেমাটির আয় বাড়ছে। প্রথম দিনে বিশ্বব্যাপী ২০ কোটি ২০ লাখ রুপি আয়ের করেছিল। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজারে আয় করেছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ‘ককটেল ২’-এর মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৫ লাখ রুপি।

লভ রঞ্জন ও তরুণ জৈনের লেখা সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসের আয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হয়েছে সিনেমাটি।

তবে আগের গল্পের সিক্যুয়েল নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে এটি কোনো সিক্যুয়েল নয়; এটি একটি ফ্র্যাঞ্চাইজি। এর গল্প ও চরিত্রগুলো সম্পূর্ণ আলাদা। ’

কী আছে ‘ককটেল ২’-এর গল্পে?
সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই ছোটবেলার বন্ধু ক্রুনাল ও দিয়াকে কেন্দ্র করে। ছুটিতে বেড়াতে গিয়ে ইতালির সিসিলিতে ১০ বছর পর দিয়ার দেখা হয় তার পুরোনো বান্ধবী অ্যালির সাথে। সেখানে নিজের স্বামীকে পরীক্ষা করার জন্য দিয়া একটি পরিকল্পনা করে। বান্ধবীর পরিকল্পনায় অ্যালিও যোগ দেয়। কিন্তু মজার ছলে করা পরিকল্পনা এক সময় তাঁদের সবার জীবনে বিশাল বিপর্যয় ডেকে আনে।

কালের আলো/আরডি/এমডিএইচ