নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে মুগদায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে তানভীর হোসেইন শুভর কোনো সাড়া-শব্দ না পেয়ে এবং বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি কক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ মুহূর্তে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী তথ্য জানানো হবে।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array