খুঁজুন
                               
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

রাজশাহীতে আইন-শৃঙ্খলা উন্নয়নে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
রাজশাহীতে আইন-শৃঙ্খলা উন্নয়নে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় আরও বাড়াতে হবে এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে।

ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধেও সভায় গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাসবিহীন ও হেলমেটজবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও যাত্রীসমাগমস্থলগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আরএমপি”র বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং তদন্ত তদারকি জোরদারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বয় সভায় আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি), র‌্যাব-৫ রাজশাহী, সিআইডি রাজশাহী, নৌ-পুলিশ রাজশাহী অঞ্চল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল্লাহসহ গুণীজনেরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় নিজে ব্যবহার করেন না এবং কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ।

বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি।

 সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, চারিদিকে এখন শত্রু আর নানামুখী ষড়যন্ত্র। এই চক্রান্তের সঙ্গে নতুন যোগ হয়েছে বটবাহিনী। কিন্তু এতে কোনো লাভ হবে না, জনগণ সবসময় তারেক রহমানের সঙ্গে আছে। এই সরকারকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। দেশবাসীকে গভীর ষড়যন্ত্র সম্পর্কে এখনই সচেতন করতে না পারলে সামনে বড় বিপদ আসন্ন।

কালের আলো/এসআর/এএএন

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৯১টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন

কালের আলো/এসকে/এমএসআইপি 

মেয়ের মা হলেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
মেয়ের মা হলেন বুবলী

পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি এক স্ট্যাটাসে জানালেন নায়িকা নিজেই।

শুক্রবার (৫ জুন) দুপুরে দেওয়া এক পোস্টে সুখরটি জানিয়ে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।

তিনি আরও লেখেন, এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

কালের আলো/এসআর/এএএন