খুঁজুন
                               
, ,
           

বাবার জানাজায় কেন থাকবেন না মোজতবা খামেনি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বাবার জানাজায় কেন থাকবেন না মোজতবা খামেনি?

নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারবেন না।

তিনি জানান, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের হুমকির জবাব ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ মাধ্যমে দেওয়া হবে।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফনানুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে মোট সাড়ে ৩ কোটি মানুষ এই আয়োজনে অংশ নিতে পারেন। এ ছাড়া ৯০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ১৪ হাজার সাংবাদিক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাব বাস্তব হলে ১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১ কোটি ২ লাখ মানুষের রেকর্ড ছাড়িয়ে যাবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম পার্সটুডে লিখেছে, খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরানজুড়ে ও ইরাকে ছয় দিনের জানাজা ও শোক অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান হবে, এর মধ্যে প্রথম দিন জানাজা কর্মসূচি রয়েছে।

৬ জুলাই তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় খামেনির মরদেহের পাশাপাশি তার জামাতা, কন্যা, পুত্রবধূ (বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী) ও নাতনির মরদেহ বহন করা হবে। পরদিন কোম শহরে অনুষ্ঠিত হবে জানাজা সমাবেশ।

এরপর ৮ জুলাই খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। সেখানে নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ইরানের মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)–এর মাজারে খামেনির মরদেহ দাফন করা হবে।

কালের আলো/জেএন/এমএসআইপি

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ার ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে অবশেষে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা হুমায়ুন কবির।

হুমায়ুন কবীর বলেন, নভোএয়ারের ‘বিকিউ-৯৩৫’ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। তবে উড্ডয়নের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই এটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না।

ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তিনি বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি বলেন, আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ঢাকায় ফিরে আসেন। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।

হুমায়ুন কবীর বলেন, ল্যান্ডিং গিয়ার ওপরে উঠছিল না বলে ক্যাপ্টেনকে অবতরণের আগে কিছু সময় আকাশে থাকতে হয়েছে। তিনি ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন।

যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এটি শুধু বিমান চলাচল নয়, যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

কালের আলো/জেএন/এমএসআইপি 

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি।

তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং সীমিত পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মুম্বাইয়ের বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন।

অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর।

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। হবু দম্পতি নিজেদের পছন্দের বিভিন্ন খাবার দিয়ে মেনু সাজিয়েছেন। তবে সেই মেনুতে কী কী থাকছে, তা প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে বড় ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে বড় ঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এমতাবস্থায় রাতের মধ্যে দেশের আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এদিকে আরেক বুলেটিনে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/এসএকে