বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সপ্তাহ দুয়েক সময় ধরে নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যকালে তাঁর বয়েস হয়েছিল ৯০ বছর।
গতকাল রোববার মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার ঢাকা মেইলকে জানিয়েছিলেন, তাঁর ফুসফুসে মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত।
নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুস্তাফা মনোয়ার। এ প্রসঙ্গে চিত্রশিল্পীর অসুস্থতার কথা জানিয়ে মেরী মনোয়ার ঢাকা মেইলকে বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।
নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করে মুস্তাফা মনোয়ার কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞানে ভর্তি হন। সেখানে তিনি পড়াশোনা না করে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন।
কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পাওয়া এই শিল্পী বর্ণিল কর্মজীবনে আরও অনেক পুরস্কার পেয়েছেন।
কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array