খুঁজুন
                               
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ়, ১৪৩৩
           

জাপানের বিপক্ষে যেমন হচ্ছে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
জাপানের বিপক্ষে যেমন হচ্ছে ব্রাজিলের একাদশ

তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর– এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ।

আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’

জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়।

দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’

সবমিলিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে একাদশ নিয়ে নেমেছিল, সেটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণভাগে সেলেসাও কোচ নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন বলেই মনে হচ্ছে।

চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনিয়া নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তার জায়গা স্কটিশদের বিপক্ষে নেমে পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন রায়ান। এ ছাড়া নেইমার আগের ম্যাচে ৭৫ মিনিটে নামলেও, জাপানের বিপক্ষে আরও বেশি সময় পেতে পারেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র

সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। যেখানে ব্রাজিলের জয় ১১, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর।

সবশেষ ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। ব্রাজিলের পোস্টে সেটাই ছিল জাপানের সর্বোচ্চ গোল।

কালের আলো/এএইচ/এমএসআইপি

জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

হেক্সা মিশনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মাঠে নামছে ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলবে সেলেসাওরা। শেষ বত্রিশে ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। রোববার (২৮ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ম্যাচে রক্ষণে পরীক্ষিত চার তারকার উপরই ভরসা রাখছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অ্যালিসন বেকার। এরপর ৪-২-৩-১ ফরমেশনে রক্ষণে থাকছেন দানিলো, মার্কিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালেয়াস এবং ডগলাস সান্তোস।

মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণে থাকছে একপাশে ক্যাসেমিরো এবং অপরপাশে ব্রুনো গিমারেস। এ দুজনের সঙ্গে থাকবেন লুকাস পাকেতাও।

আর আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকবেন মাথেউস কুনিয়া এবং তরুণ রায়ান। স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি।

এদিকে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার জুনিয়র। যথারীতি আজও তিনি বেঞ্চে থেকেই খেলতে নামবেন। স্কটিশদের বিপক্ষে ১৫ মিনিট খেললেও আজ সময় বেশি পেতে পারেন তিনি।

ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাথিয়াস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

কালের আলো/আরডি/এমডিএইচ

আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার

জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন। অর্থ বিলের ওপর সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’

স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।

কালের আলো/এসএকে

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজ নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একইসঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

কালের আলো/এসএকে