জাপান ম্যাচের আগে ‘বিপদ’ স্মরণ করাচ্ছে ব্রাজিলকে জিতবে তো?
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের লড়াই ঘিরে উত্তেজনার শেষ নেই। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় জায়গা করে নিয়েছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি।
অতীতে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচিত এই ম্যাচ কর্মকর্তা এবার দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ শেষ ৩২-এর এই ম্যাচ পরিচালনার। ফলে নজর থাকবে শুধু দুই দলের খেলাতেই নয়, মারিয়ানির প্রতিটি সিদ্ধান্তের দিকেও।
বাংলাদেশ সময় আজ (২৯ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মারিয়ানি। তাকে সহায়তা করবেন ইতালির দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার এবং রিজার্ভ সহকারী রেফারি স্টিফেন ডি আলমেইদা।
চলতি বিশ্বকাপে ইতালির একমাত্র অনফিল্ড রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী মারিয়ানি। এর আগে তিনি গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার তার ওপরই আস্থা রেখেছে ফিফা, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে।
তবে মারিয়ানির ক্যারিয়ার কেবল বড় ম্যাচ পরিচালনার জন্যই আলোচিত নয়। ২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার পর সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরিয়ে রাখা হয়েছিল তাকে। পরবর্তীতেও ভিএআরের সহায়তায় দেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
এরও আগে, ২০২১ সালে ইন্টার মিলান ও জুভেন্টাসের ম্যাচে শেষ মুহূর্তে দেওয়া একটি পেনাল্টিকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ম্যাচ শেষে ক্ষুব্ধ ইন্টার ফুটবলাররা টানেলে গিয়ে মারিয়ানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
অবশ্য বিতর্কের পাশাপাশি ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ সফলভাবে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এই ইতালিয়ান রেফারির। সেই অভিজ্ঞতার কারণেই বিশ্বকাপের নকআউট পর্বের মতো বড় মঞ্চে আবারও তার ওপর ভরসা রেখেছে ফিফা।
কালের আলো/এএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array