খুঁজুন
                               
, ,
           

মৌলভীবাজারে ৫ স্থানে ভেঙে গেছে বাঁধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৫ স্থানে ভেঙে গেছে বাঁধ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সময় যত গড়াচ্ছে, পানির স্তর ততই বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এছাড়া ঢলের পানিতে ডুবে রাজনগর উপজেলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মনু নদী রক্ষা বাঁধের রাজনগর উপজেলার একামধু এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে মনু নদীর রাজনগরের উজিরপুর ও একামধু এবং কুলাউড়া উপজেলার শিকরিয়াসহ মোট তিনটি স্থানে বাঁধ ভেঙেছে।

নদী পাড়ের বাসিন্দারা জানিয়েছেন, প্রতিমুহূর্তেই পানি বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যাকবলিত এলাকার মানুষ। বাধ্য হয়ে অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। অনেকেই আবার নিজেদের গবাদিপশু নিয়ে মনু নদীর বাঁধে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। মনু নদীর ভাঙনকবলিত এলাকায় পানির প্রচণ্ড চাপ দেখা গেছে। স্রোতের তীব্রতার কারণে ভাঙনের আকারও ক্রমশ বড় হচ্ছে। বেসরকারি হিসাব মতে, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে রাজনগর ও কুলাউড়া উপজেলার টেংরা ও পৃথিমপাশা ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে গেছে।

অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার মখাবিল এলাকায় ধলাই নদীর দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ইসলামপুর, আদমপুরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে।

এদিকে, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া ঢলের পানিতে ডুবে আকুয়া গ্রামে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তাছাড়া অতি বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের আদমপুর-ইসলামপুর সড়ক তলিয়ে যায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার প্রধান চারটি নদীগুলোর মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। মনু নদীর রেলওয়ে এলাকায় বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর ২২ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, যে স্থানে বাঁধ ভেঙেছে সেটা আটকানোর মতো অবস্থায় নেই। এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে তারা গবাদিপশুসহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। যদি বৃষ্টি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করছি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. রেজাউল করিম মনু নদীর উজিরপুর এলাকার ভাঙন পরিদর্শন করেছেন। তিনি জানান, পানি নেমে যাওয়ার পর বাঁধ মেরামতের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে মনু ও ধলাই নদীর দুটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙেছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে মনু ও ধলাই নদীর কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের সহায়তার জন্য ৯১৫ ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় আরও খাবার এবং ত্রাণ-সহায়তা দেওয়া হবে বলে মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে।

কালের আলো/এসআর/এএএন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে দিনের প্রথম কর্মসূচিতে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি নান্দাইলে শশা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলস কাজ করছে।

তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এই সংক্রান্ত একটি আইনি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।

এদিন ট্রাম্প পরিবারের ব্যক্তিগত ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং-৭৫৭ উড়োজাহাজ অবতরণের মাধ্যমে এই নাম পরিবর্তন উদযাপন করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো গলফ রিসোর্ট ও আবাসনের কাছেই অবস্থিত।

এরিক ট্রাম্প বলেন, ‘পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কেউ এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। সম্ভবত পুরো ফ্লোরিডাতেও নয়।’

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বের হওয়া প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।

এ পরিবর্তনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর একটি হবে!’

এএফপি জানিয়েছে, প্রায় অর্ধশতাব্দী ধরে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের এই নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় এবং নতুন সাইন বোর্ড স্থাপনে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দায়িত্বরত কোনো রাষ্ট্রপতির নামে কোনো বিমানবন্দরের নামকরণ করা হলো। এর আগে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা ভেঙে গত মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন ট্রাম্প। এছাড়া জাতীয় উদ্যানের প্রবেশ পাসে ইতোমধ্যে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। ‘ট্রাম্প ক্লাস’ নামে একটি নৌযানের নতুন শ্রেণিও ঘোষিত হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে নবম নারী বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালের আলো/জেএন/এমএসআইপি