খুঁজুন
                               
, ,
           

‘হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
‘হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন’

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের সকাল অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত এই বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ।

কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ ব‍্যাপারে সম্মত ছিল না। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ ব‍্যাপারে কম দায়ী নয়। 

তারা বলেন, বিএনপি বার বার সাংবিধানিক শূন‍্যতার কথা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ নেয়ার বিষয়টিকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পতিত ফ‍্যাসিবাদের পুতুল এই বিতর্কিত ব‍্যক্তিকে দিয়ে সংসদে জুলাই অভ্যুত্থানের পক্ষে বক্তব্য‍ দেয়ানোর মাধ‍্যমে পুরো

পরিস্থিতিকে আরও হাস্যকর এবং তামাশার বিষয় বানিয়ে ফেলা হয়েছিল। সংসদে সর্বসম্মতিক্রমে ইমপিচমেন্ট করার উদ‍্যোগ গ্রহণেও বিএনপি পদক্ষেপ নিতে পারেনি।

নেতৃদ্বয় বলেন, চেপে বসা ফ‍্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার চোর-লুটেরা মন্ত্রী পরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হোতাবৃন্দ, দালাল সাংবাদিকগণ, ব‍্যবসায়ীসহ প্রধান চরিত্রের বেশিরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র-জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন।

এর জন‍্য লেগেছিল সকলের ঐক‍্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ, আইনের ফাঁকফোকর কিছুরই প্রয়োজন হয়নি। কিন্তু ফ‍্যাসিবাদের অংশীদার পুতুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপির লেগেছে ১৫৮ দিন। এর অন্তরালে কী উদ্দেশ্য কাজ করেছে তা আশা করি জনগণ বিবেচনায় নেবে।

এবি পার্টির নেতারা সাহাবুদ্দিন চুপ্পুর ব‍্যপারে দুর্নীতি, ব‍্যাংকের টাকা লুটপাট ও পাচারসহ আনীত সকল অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কালের আলো/জেএন/এমএসআইপি 

 

সুপারহিরোর আড়ালে নিঃসঙ্গতার গল্প, কী থাকছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
সুপারহিরোর আড়ালে নিঃসঙ্গতার গল্প, কী থাকছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে?

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তিকে সামনে রেখে ছবির প্রধান তারকা টম হল্যান্ড নতুন সিনেমার গল্প ও পিটার পার্কারের মানসিক যাত্রা নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি উপস্থাপক জোশ হরোভিৎসকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জানান, নতুন ছবিতে দর্শকরা পিটার পার্কারকে তার জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ে দেখতে পাবেন। তার ভাষায়, সিনেমার শুরুতেই পিটার সম্পূর্ণ একা—তার পাশে নেই কোনো বন্ধু কিংবা পরিবার। একা সবকিছু সামলানোর চেষ্টা এবং সাহায্য না চাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই গল্পে।

টম আরও বলেন, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনাগুলোর পর পিটার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পেয়েছিল—প্রয়োজনে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসিকতার পরিচয়। কিন্তু সেই শিক্ষা উপেক্ষা করে সবকিছু একাই মোকাবিলা করতে গিয়ে সে আরও গভীর সংকটে পড়ে।

সুপারহিরোর চাকচিক্যের আড়ালে থাকা নিঃসঙ্গতার বিষয়টিও নতুন ছবিতে গুরুত্ব পেয়েছে বলে জানান টম। তিনি বলেন, বিশ্বকে রক্ষা করার পরও পিটারকে নিউইয়র্কের ছোট একটি অ্যাপার্টমেন্টে একা জীবন কাটাতে হয়। পুরোনো প্রেমিকা এমজে ও বন্ধু নেডকে দূর থেকে দেখতে দেখতে সে একাকীত্বে ভোগে। টমের মতে, বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী যে মানসিক চাপ ও একাকীত্বের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন, পিটার পার্কারের গল্প সেই বাস্তবতারই প্রতিফলন।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র হিসেবে নির্মিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। ছবিতে টম হল্যান্ডের পাশাপাশি অভিনয় করেছেন জেন্ডায়া, সেডি সিঙ্ক, জেকব ব্যাটালন এবং জন বার্নথাল। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কালের আলো/এসএ

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানে সামরিক হামলা-সংক্রান্ত একটি ভিডিওতে তাঁর জনপ্রিয় গান ‘Firework’ ব্যবহার করায় তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। কেটির দাবি, এ ব্যবহারের জন্য তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এর সঙ্গে কোনোভাবেই একমত নন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। ভিডিওটির পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘Firework’। গানের ‘Boom, boom, boom’ অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘Iran was warned.’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কেটি পেরি বলেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে তাঁর গান সামরিক হামলার ভিডিওতে ব্যবহার হতে দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি জানান, এ ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি এবং তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

তিনি আরও বলেন, ‘Firework’ গানটি তিনি লিখেছিলেন মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। তাঁর ভাষায়, এমন একটি গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমিতে ব্যবহার করা গানের মূল বার্তার সম্পূর্ণ পরিপন্থী। তাঁর মতে, এই গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধকে উদ্‌যাপন করার জন্য নয়।

উল্লেখ্য, রাজনৈতিক প্রচারণা বা সরকারি ভিডিওতে গান ব্যবহারের প্রতিবাদ জানানো কেটি পেরিই প্রথম নন। এর আগে আরিয়ানা গ্রান্দে, সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা বিভিন্ন ভিডিওতে তাঁদের গান ব্যবহারের বিরোধিতা করেছিলেন।

এদিকে কেটি পেরি তাঁর নতুন কনসার্ট চলচ্চিত্র ‘The Lifetimes Tour from Paris’-এর ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তাঁর ‘Lifetimes Tour’-এর একটি পরিবেশনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির তারিখ পরে জানানো হবে।

কালের আলো/এসএ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি