খুঁজুন
                               
, ,
           

সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও রাষ্ট্রপতির পদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) জারি করা দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালের আলো/এসআর/এএএন

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৪৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৪৫৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন রোগী।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৮ জন।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং বরিশালে বিভাগে ৯৯ জন রয়েছেন।

এদিকে চলতি বছরে মোট ১১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর আগে গত বছর দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন মোট ৪১৩ জন।

কালের আলো/এমএসআইপি

রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাবতলী-ইসিবি চত্বর হয়ে আসা প্রজাপতি পরিবহনের বাসটি কুর্মিটোলা হাসপাতালের সামনে এসে হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি খালিদ মনসুরের বক্তব্য পাওয়া যায়নি। তবে ট্রাফিকের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক।

তিনি বলেন, ‘আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।’

কালের আলো/আরডি/এমডিএইচ

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের কাছ থেকে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে তার ধন্যবাদপত্র ও শুভেচ্ছা গ্রহণ করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে।

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যে থেকেও যাতে ফুটবলপ্রেমী মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করেই এই বিশাল সাফল্য এসেছে। সুতরাং এই কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

সফলভাবে এই সম্প্রচার কার্যক্রম শেষ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তথ্যমন্ত্রী। একই সাথে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, বিটিভির মহাপরিচালক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, গত কয়েক মাসে সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব এক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত করতে পারলে একদিকে যেমন মাদকমুক্ত সমাজ ও সুস্থ মনোজগৎ গঠন সম্ভব হবে, তেমনি ভবিষ্যতের জন্য দক্ষ জনবলও তৈরি হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে কাজ করছে।

ভবিষ্যৎ সম্প্রচার পরিকল্পনা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জন করে একে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের লক্ষ্য।

কালের আলো/এম/এএইচ